হংকংয়ের প্রথম বড় প্রাপ্তবয়স্ক বিনোদনবিষয়ক প্রদর্শনী মেগা ফ্যানস এক্সপো ২০২৬ (এমএফই) আকস্মিকভাবে বাতিল হয়েছে। নির্ধারিত প্রায় ৩০ জন জাপানি এডাল্ট-ভিডিও (এভি) শিল্পীর কয়েকজন বিমানবন্দরে প্রবেশ-জটিলতায় পড়েছেন বলে জানা গেছে। তবে অভিবাসন কর্তৃপক্ষ এ দাবি অস্বীকার করেছে। আয়োজকেরা বুধবার তিন দিনের এই আয়োজন বাতিলের ঘোষণা দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। প্রদর্শনীটি রিগ্যাল এয়ারপোর্ট হোটেলে শুক্র থেকে রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, বৃহস্পতিবার ছিল প্রিভিউ অনুষ্ঠান।
ঘোষণায় বাতিলের কারণ উল্লেখ করা হয়নি। আয়োজকেরা জানিয়েছেন, টাকা ফেরতের ব্যবস্থা পরে অফিসিয়াল মাধ্যমে জানানো হবে। অনুষ্ঠান শুরুর ৪৮ ঘণ্টারও কম সময় আগে এই সিদ্ধান্ত এলো। এর আগে কয়েকজন শীর্ষ এভি শিল্পী সামাজিক মাধ্যমে জানান, সীমান্তে তাদের ছাড়পত্র দেওয়া হয়নি এবং জাপানে ফেরত পাঠানো হচ্ছে।
তবে হংকংয়ের অভিবাসন বিভাগ বৃহস্পতিবার বলেছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের শহরে প্রবেশে বাধা দেওয়া হয়নি। বিভাগটির ভাষ্য, অনুষ্ঠান বাতিলের খবর জানার পর ওই ব্যক্তিরা নিজেরাই হংকং ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়নি। নির্ধারিত প্রায় ৩০ অতিথির মধ্যে হিবিকি ওতসুকি, রেনা মিয়াশিতা ও হিকারি আওজোরাসহ কয়েকজন শিল্পী সামাজিক মাধ্যমে বিস্ময় প্রকাশ করেন।
ওতসুকি জানান, আগেই প্রয়োজনীয় ভিসা নেওয়া থাকলেও পৌঁছানোর পর অভিবাসন কর্মকর্তারা তার ম্যানেজার, ক্রু সদস্য ও সঙ্গী শিল্পীদের ফিরিয়ে দেন। তিনি লেখেন, এমন ঘটনা এই প্রথম, আমি স্তম্ভিত। স্পষ্ট কোনও কারণ না জানানোয় বিষয়টি ধাঁধার মতো লাগছে বলেও উল্লেখ করেন তিনি। মিয়াশিতা অনুসারীদের জানান, পুরো দলটিকেই বাধ্যতামূলকভাবে ফেরত পাঠানো হচ্ছে বলে মনে হচ্ছে।
জাপানি প্রবীণ এডাল্ট অভিনেতা তাকা কাতোর বিশেষ অতিথি হিসেবে হাতানোর সঙ্গে অনুষ্ঠান সঞ্চালনার কথা ছিল। আকস্মিক বাতিলে হাজার হাজার টিকিটধারী নিজেদের বুকিং নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন, বিশেষ করে যারা অতিরিক্ত প্রিমিয়াম সুবিধা কিনেছিলেন। এর মধ্যে ছিল ২ হাজার ৩৮০ হংকং ডলার (৩০০ মার্কিন ডলার) বা ২ হাজার ৫৮০ হংকং ডলারের অফিশিয়াল হ্যান্ডপ্রিন্ট সেশন এবং ১ হাজার ২৮০ বা ১ হাজার ৫৮০ হংকং ডলারের মিট-অ্যান্ড-গ্রিট সেশন।
হংকংয়ের অভিবাসন বিধি অনুযায়ী, পর্যটক হিসেবে আসা বিদেশিদের সাধারণত বেতনভুক্ত বা বিনা বেতনে কোনও কাজ করার অনুমতি নেই। ফলে বাণিজ্যিক পারফরম্যান্স, অর্থের বিনিময়ে উপস্থিতি ও ভক্তদের সঙ্গে পারিশ্রমিকভিত্তিক সাক্ষাতের জন্য শিল্পীদের হংকংয়ে যাওয়ার আগে উপযুক্ত কর্মসংস্থান ভিসা বা প্রবেশ অনুমতি নিতে হতে পারে, যদি না কার্যক্রমটি প্রযোজ্য কোনও অভিবাসন সুবিধা ব্যবস্থার আওতায় পড়ে। ভিসা থাকা বা ভিসামুক্ত ভ্রমণের সুযোগ থাকলেই হংকংয়ে প্রবেশের নিশ্চয়তা মেলে না। অভিবাসন কর্মকর্তারা প্রত্যেক আগন্তুককে আলাদাভাবে যাচাই করেন। সফরের উল্লিখিত উদ্দেশ্য, সহায়ক নথি বা প্রকৃত অভিপ্রায় প্রবেশের শর্তের সঙ্গে না মিললে তারা অবতরণের অনুমতি প্রত্যাখ্যান করতে পারেন।
সূত্র: উইয়ন নিউজ