স্ত্রীকে খুন করে মেয়েকে বললেন, ‘নতুন মা এনে দেব’

ভারতের বিহারের জামালপুরে অবসরপ্রাপ্ত এক রেলকর্মী তার স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার পর মেয়েকে বলেছেন, তিনি তার জন্য ‘নতুন মা’ এনে দেবেন। নৃশংস এই ঘটনার পর অভিযুক্ত বাবা নিজেই দুই মেয়েকে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

অভিযুক্ত দশরথ মণ্ডল তার স্ত্রী পূজাদেবীকে ছুরিকাঘাত করে হত্যা করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী তার ১০ বছরের মেয়ে শ্রীনিকাহ জানায়, সে ও তার ছোট বোন ইশিকা ঘুমাচ্ছিল। এ সময় বাবা তাদের বিছানা থেকে নামিয়ে স্কার্ফ দিয়ে বেঁধে ফেলেন এবং পূজাদেবীকে দুবার ছুরিকাঘাত করেন। চিৎকারে ঘুম ভেঙে যাওয়ায় সে প্রতিবেশীকে ডাকতে গেলে বাবা তাকে বাধা দেন।

বাবা তাকে বলেন, তোমার মা মারা গেছে, আমি আরেকজন এনে দেব। জবাবে মেয়ে বাবাকে বলে, মা তো মা-ই হয়; কেউ তার স্থান নিতে পারে না।

মেয়ের ভাষ্য অনুযায়ী, ঘটনার আগের রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল। স্ত্রীকে হত্যার পর মৃতদেহ চাদর দিয়ে ঢেকে দুই মেয়েকে নিয়ে সোজা থানায় চলে যান ওই বাবা। মায়ের নির্মম হত্যাকাণ্ডের বিচার ও বাবার কঠোর শাস্তির দাবি জানিয়েছে ১০ বছরের ওই শিশু। পুলিশ অভিযুক্তকে আটক করেছে।

সূত্র: এনডিটিভি