‘৩০ বিলিয়ন ডলারের বিনিময়ে ৩০ বিলিয়ন ডলার’, এমন পারস্পরিক শুল্ক হ্রাসের কাঠামো চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যের স্থিতিশীলতা বজায় রাখা এবং সম্প্রসারণে সহায়ক। দুই দেশের ব্যবসায়ী মহলও এ বিষয়ে উচ্চ প্রত্যাশা পোষণ করে। এ ব্যবস্থা বাস্তবায়নের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিবিড় যোগাযোগ চলছে। বৃহস্পতিবার বেইজিংয়ে আয়োজিত চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন মুখপাত্র হ্য ইয়াতং।
হ্য ইয়াতং বলেন, ‘আশা করি, এ ব্যবস্থা বাস্তবায়ন এবং দুই দেশের মধ্যে কৃষিপণ্যের বাণিজ্যের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরিতে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে কাজ করবে।’
বাণিজ্য আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে নিজ নিজ উদ্বেগের বিষয়গুলো নিয়ে চীন ও যুক্তরাষ্ট্র নিবিড় যোগাযোগ বজায় রাখছে। এ বিষয়ে যথাসময়ে অগ্রগতি জানানো হবে।
দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের বর্তমান অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালের মে মাস থেকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে আট দফা অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আগের আলোচনাগুলোতে যে ঐকমত্য হয়েছে, চীন তা সম্পূর্ণভাবে বাস্তবায়ন করেছে।
তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সুবিধা ও উভয় পক্ষের স্বার্থ নিশ্চিত করা। আর সহযোগিতাই এ সম্পর্ক এগিয়ে নেওয়ার একমাত্র সঠিক পথ। অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনা ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করতে, মতপার্থক্য যথাযথভাবে সামাল দিতে এবং চীন-মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্কের টেকসই, স্থিতিশীল ও ইতিবাচক উন্নয়ন এগিয়ে নিতে চীন আগ্রহী।
সূত্র: সিএমজি