‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ’, কাবুলে নীরবে তালেবানের নিষেধাজ্ঞা ভাঙছেন নারীরা

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর তালেবান সরকার আফগানিস্তানে নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। প্রাথমিকের পর মেয়েদের পড়াশোনা, পার্ক, জিম ও বিউটি পার্লার নিষিদ্ধ করার পাশাপাশি জারি করা হয় কঠোর পোশাকবিধি। খেলাধুলা নিষিদ্ধ হওয়ায় স্বপ্নভঙ্গ হওয়া এক সাবেক নারী ফুটবলার আক্ষেপ করে বলেন, ‘আফগানিস্তানে নারী হওয়াটাই অপরাধ।’

নৈতিকতাবিষয়ক মন্ত্রণালয়ের নৈতিক পুলিশ সাদা অ্যাপ্রোন পরে রাস্তায় টহল দেয় এবং নিয়ম ভাঙলে নারীদের আটক ও মারধর করে। তবে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম বদরিওয়াল বলেন, ইসলামি শরিয়াহ আইনের অধীনে সবার অধিকার নিশ্চিত করতে তারা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, আমাদের বোনেরা ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইন কঠোরভাবে মেনে চললে সামাজিক ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

তবে গ্রেফতারের ঝুঁকি উপেক্ষা করে কাবুলে নীরবে এই নিষেধাজ্ঞা ভাঙছেন অনেক নারী। নাম প্রকাশ না করার শর্তে এমন তিন নারীর গোপন সংগ্রামের চিত্র উঠে এসেছে।

নিষেধাজ্ঞা সত্ত্বেও ৪০ বছর বয়সী এক নারী একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে গোপনে বিউটি পার্লার খুলেছিলেন। প্রথমবার অভিযানে সব সরঞ্জাম জব্দ হলে তিনি হতাশ হয়ে পড়েন। তিনি বলেন, আফগানিস্তানে নারীদের জন্য কাজ করাটা যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। আমার একমাত্র অবলম্বন কাজটি কেড়ে নেওয়া হলে আমি সন্তানদের কী খাওয়াব?

পরে গ্রাহকদের অনুরোধে ও সংসার চালাতে তিনি আবার নতুন করে গোপন পার্লার খোলেন, যেখানে এখন সাতজন তরুণী কাজ করেন। তবে আতঙ্ক পিছু ছাড়ে না তার। তিনি বলেন, দরজায় কড়া নাড়লেই ভয় হয়, ওপাশে বুঝি তালেবান দাঁড়িয়ে আছে।

জাতীয় দলে সুযোগ পাওয়া আরেক কিশোরী ফুটবলার খেলাধুলা নিষিদ্ধ হওয়ার পর ছয় মাস বিষণ্ণতায় ঘরবন্দি ছিলেন। এখন তিনি বাড়ির ছোট্ট আঙিনায় একদল কিশোরকে ফুটবল শেখান। অশ্রুসিক্ত চোখে তিনি বলেন, তাদের মধ্যে আমি আমার শৈশবের সেই স্বপ্ন ও আবেগ দেখতে পাই। মাঝেমধ্যে তাদের মাঝে নিজেকেই খুঁজে পাই।

তবে দেশে নিজের কোনও ভবিষ্যৎ দেখেন না তিনি। তার ভাষায়, আফগানিস্তানে আমি নিজের জন্য কোনও আশা দেখি না। আমাদের জন্য কোনও দরজা খোলা নেই।

এদিকে ২০ বছর বয়সী এক তরুণী ও তার কিশোরী বোন নিজ বাড়িতে গোপন স্কুল খুলেছেন, যেখানে ২০ বছর বয়সী মেয়েরাও ইতিহাস, বিজ্ঞান, গণিত ও কোরআন শেখে।

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শিক্ষার ‘ঘাটতিগুলো’ সমাধানের কথা বললেও কোনও অগ্রগতি হয়নি। ওই তরুণী বলেন, মেয়েদের পড়াশোনা চালিয়ে যেতে আশার আলো দেখাতে এক বছরের বেশি সময় আগে তিনি এই ক্লাস শুরু করেন।

তবে তার কিশোরী বোন জানান, প্রতি মুহূর্তেই তারা আতঙ্কে থাকেন। তিনি বলেন, আমরা তালেবানকে খুব ভয় পাই। ভয় হয়, একদিন তারা এসে নিয়ম ভাঙার অভিযোগে আমাদের গ্রেফতার করে নিয়ে যাবে।

সূত্র: এপি