আসিয়ানকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিলো মিয়ানমারের জান্তা সরকার

আসিয়ানের সম্মেলনে পূর্ণ প্রতিনিধিত্ব না দেওয়ার সিদ্ধান্তকে ‘অন্যায্য ও ভারসাম্যহীন’ আখ্যা দিয়েছে মিয়ানমারের সেনাসমর্থিত সরকার। শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর এই জোটের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তোলে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ম্যানিলায় অনুষ্ঠিত ৪৯তম আসিয়ান সম্মেলনে নেওয়া সিদ্ধান্তে মিয়ানমারের নেওয়া ইতিবাচক পদক্ষেপগুলো যথাযথভাবে প্রতিফলিত হয়নি। সম্মেলনে মিয়ানমারকে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়ে অগ্রগতির শর্ত দিয়েছে আসিয়ান নেতারা। তারা বলেছেন, অভ্যুত্থান-পরবর্তী সংকট নিরসনে পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অগ্রগতি হলে ধীরে ধীরে মিয়ানমারের পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব পুনর্বহাল করা হতে পারে।

আসিয়ান সম্মেলনে মিয়ানমারকে বাদ দেওয়াকে বৈষম্যমূলক উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জোটে মিয়ানমারের মতামত প্রায়ই উপেক্ষা করা হয়েছে। দেশটির সমান অধিকার ও পূর্ণ প্রতিনিধিত্বও অস্বীকার করা হয়েছে।

বিবৃতিতে আরও দাবি করা হয়, মিয়ানমারে কোনও রাজনৈতিক বন্দি নেই। সামরিক অভ্যুত্থানের পর থেকে ১ লাখ ২৬ হাজারের বেশি বন্দিকে ক্ষমা বা সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে। তবে জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, অভ্যুত্থানের পর দেশটিতে হাজার হাজার মানুষ রাজনৈতিক কারণে কারাবন্দি হয়েছেন।

এর আগে বুধবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে সেনাসমর্থিত প্রেসিডেন্ট মিন অং হ্লাইং বলেছিলেন, তার প্রশাসন আসিয়ানের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করছে। তবে জোটের সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাবে।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী। এরপর থেকেই গৃহযুদ্ধ ও অস্থিরতায় বিপর্যস্ত মিয়ানমার। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সংঘাতে এখন পর্যন্ত ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।