ইরান যুদ্ধের প্রভাব তুলে ধরতে হরমুজ প্রণালিতে সাঁতার ব্রিটিশ অ্যাথলেটের

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১৬:২৯ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৬:২৯

ব্রিটিশ সাঁতারু লুইস পাগ পরিবেশ-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দৃষ্টি আকর্ষণে উত্তর মেরু ও অ্যান্টার্কটিকায় সাঁতার কেটেছেন। তবে আশপাশে ট্যাংকারে হামলা ও বিস্ফোরণের মধ্যে হরমুজ প্রণালিতে সাঁতার কাটা ছিল তার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। এই তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

জাতিসংঘের মহাসাগরবিষয়ক পৃষ্ঠপোষক পাগ এ সপ্তাহে তিন দিন ধরে বিপজ্জনক এই জলপথের বিভিন্ন অংশে সাঁতার কেটেছেন। ইরানের সঙ্গে যুদ্ধ কীভাবে এলাকাটির আবাসস্থল ও বন্যপ্রাণীকে হুমকিতে ফেলছে, তা তুলে ধরাই ছিল লক্ষ্য।

শুধু সাঁতারের পোশাক, গগলস ও জাতিসংঘের লোগোসংবলিত ক্যাপ পরে তিনি প্রণালির দক্ষিণ প্রান্তের মুসান্দাম উপদ্বীপ থেকে শুরু করেন এবং কেপ অব হরমুজ ঘুরে শেষ করেন। সব মিলিয়ে প্রায় ১৫ কিলোমিটার পাড়ি দিয়েছেন তিনি। যুদ্ধ শুরুর পর সেখানে দীর্ঘ-দূরত্বের সাঁতার কাটা প্রথম ব্যক্তি তিনিই বলে ধারণা করা হচ্ছে।

পাগ জানান, সোমবার পানিতে নামার কয়েক মিনিট পর তিনি দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনেন। লন্ডনে ফিরে অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, আমি তাকিয়ে দেখি, প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলবাহী ট্যাংকারে আঘাত লেগেছে। বিস্ফোরণের শব্দ ছিল এত জোরালো, দুটি গুম গুম শব্দ, তারপর যুদ্ধবিমান আসছে। ঠিক তখনই বুঝলাম, এখনই আমাদের এখান থেকে বেরোতে হবে।

৫৬ বছর বয়সী পাগ একাধিকবার থেমে ও আবার শুরু করে সাঁতার শেষ করেন। এর মধ্যে আক্রান্ত হয়ে আকাশে আগুনের গোলা ছোড়া আরেকটি জাহাজের পাশ দিয়েও তিনি গেছেন।

তিনি বলেন, হরমুজ প্রণালি বলতে বেশির ভাগ মানুষ জাহাজ চলাচলের পথ ভাবেন। কিন্তু এটি আমার দেখা সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি… প্রকৃতির এক গুপ্তধন। এত জাহাজ ডুবে যাওয়ায় এই এলাকা গুরুতর হুমকিতে। এলাকাটির ঘুরে দাঁড়াতে বছরের পর বছর, দশকের পর দশক লাগবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে এই জলপথ দিয়ে বিশ্বের বাণিজ্যিক তেলের পঞ্চমাংশ যেত। সাম্প্রতিক সপ্তাহে ইরান প্রণালিতে নিজের নিয়ন্ত্রণ আরোপের চেষ্টায় অননুমোদিত পথে চলা জাহাজে হামলা বাড়িয়েছে বলে দাবি করেছে। তেহরানের পাতা সমুদ্র মাইনে বেশ কয়েকটি ট্যাংকার আঘাত পেয়েছে। কোনও কোনও ক্ষেত্রে বিস্ফোরণ ঘটে আগুন ধরেছে। গত মাসে ২০ লাখ ব্যারেলের বেশি তেলবাহী একটি ট্যাংকারও এর মধ্যে ছিল।

পাগ সতর্ক করেন, ফেব্রুয়ারি থেকে ক্ষতিগ্রস্ত কয়েক ডজন ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়লে অঞ্চলের প্রাণী, উপকূলরেখা, প্রবাল প্রাচীর ও ম্যানগ্রোভ বনে স্থায়ী সমস্যা তৈরি হতে পারে। নৌকায় যাওয়ার সময় তিনি অসংখ্য ডলফিনকে নৌকার পিছু নিতে দেখেছেন, সঙ্গে কচ্ছপ ও ওসপ্রে পাখিও ছিল। তিনি বলেন, সেখানে তেল ঢুকলে, রাসায়নিক দূষণ ঢুকলে এ ধরনের জঞ্জাল পরিষ্কার করা খুবই কঠিন হয়ে পড়ে। এটি প্রজন্মের পর প্রজন্ম থেকে যায়।

নিরাপদ থাকতে তিন দিনে বিভিন্ন ভাগে মোট প্রায় সাড়ে ছয় ঘণ্টা সাঁতার কাটা হয়। দ্বিতীয় দিন বন্দরে ফেরার সময় একটি গ্যাসবাহী জাহাজে হামলা হতে দেখেছেন বলে জানান তিনি। পাগ বলেন, রাসায়নিকের গন্ধ, তারপর আগুনের শিখা কখনও ভুলবো না। আকাশে আগুনের গোলার মতো উঠছিল। জাহাজের চারপাশে পানিতে আগুন জ্বলছিল।

গত ৪০ বছর ধরে অ্যান্টার্কটিকা থেকে লোহিত সাগর, ইংলিশ চ্যানেল পর্যন্ত বিভিন্ন জায়গায় সাঁতার কেটে পাগ সামুদ্রিক পরিবেশ রক্ষায় আরও পদক্ষেপের আহ্বান জানিয়ে আসছেন। তিনি উত্তর মেরু সাঁতরে পাড়ি দেওয়া প্রথম অ্যাথলেট এবং বিশ্বের প্রতিটি মহাসাগরে দীর্ঘ-দূরত্বের সাঁতার সম্পন্ন করেছেন। ২০২৩ সালে তিনি হাডসন নদীর পুরো ৩১৫ মাইল (৫০৭ কিলোমিটার) সাঁতরে পাড়ি দেন। তার ফাউন্ডেশন জানায়, এসব চ্যালেঞ্জ ৩৫ লাখ বর্গকিলোমিটারের বেশি ঝুঁকিপূর্ণ সমুদ্র এলাকা সুরক্ষায় আনুষ্ঠানিক চুক্তি করতে সহায়তা করেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
পৃথিবীর নতুন ‘ক্ষুদ্র চাঁদ’, থাকবে ডিসেম্বর পর্যন্ত
মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার প্রস্তুত ইরানের, উপসাগরে হামলার হুঁশিয়ারি
ভারত সফর দিয়ে বিদেশযাত্রা শুরু করছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
সর্বশেষ খবর
শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
শিক্ষাপ্রতিষ্ঠানকে বেকার তৈরির কারখানা বানানো যাবে না: শিক্ষামন্ত্রী
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি হচ্ছেন চপল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি হচ্ছেন চপল
ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, গ্রেফতার ৭
ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, গ্রেফতার ৭
পৃথিবীর নতুন ‘ক্ষুদ্র চাঁদ’, থাকবে ডিসেম্বর পর্যন্ত
পৃথিবীর নতুন ‘ক্ষুদ্র চাঁদ’, থাকবে ডিসেম্বর পর্যন্ত
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন