পৃথিবীর নতুন ‘ক্ষুদ্র চাঁদ’, থাকবে ডিসেম্বর পর্যন্ত

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১৬:০৩ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৬:০৩

পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে ধরা পড়েছে প্রায় ২ মিটার (৬ ফুট) ব্যাসের একটি ক্ষুদ্র গ্রহাণু। সাময়িকভাবে পৃথিবীর দ্বিতীয় চাঁদ হিসেবে পরিচিত এই বস্তুটি ডিসেম্বরের শুরু পর্যন্ত পৃথিবীর কাছাকাছি থাকবে। এরপর পৃথিবীর মহাকর্ষীয় প্রভাববলয় ছেড়ে সূর্যকে কেন্দ্র করে নিজস্ব কক্ষপথে ফিরে যাবে।

‘মিনি-মুন’ বা ক্ষুদ্র চাঁদ নামে পরিচিত বস্তুটির আনুষ্ঠানিক নাম ২০২৬ কিউকিউ৮। অক্টোবরের শেষ দিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান সংঘের মাইনর প্ল্যানেট সেন্টার এ নাম দেয়। সংস্থাটি গ্রহাণু, ধূমকেতু ও সৌরজগতের অন্যান্য ক্ষুদ্র বস্তু পর্যবেক্ষণ করে। বস্তুটি এত ছোট ও অনুজ্জ্বল যে, এটি নিষ্ক্রিয় কৃত্রিম উপগ্রহ, নাকি উপগ্রহের ভাঙা অংশ তা নিশ্চিত হতে জ্যোতির্বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগেছে।

মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন বলেন, পৃথিবীর কাছে এ ধরনের সাময়িক সঙ্গী থাকা অস্বাভাবিক নয়। গড়ে যেকোনও সময়ে পৃথিবীর চারপাশে এমন একটি বস্তু থাকতে পারে। এগুলো কয়েক সপ্তাহ বা কয়েক মাস অবস্থান করে।

২০২৬ কিউকিউ৮ প্রথম শনাক্ত করেন হাঙ্গেরির কনকোলি অবজারভেটরির জ্যোতির্বিজ্ঞানী ক্রিস্টিয়ান সারনেস্কি। গত আগস্টে তিনি বস্তুটির অস্থায়ী নাম দিয়েছিলেন সার২৯০১। পরে এর কক্ষপথের সুনির্দিষ্ট হিসাব করার পর এর বিশেষত্ব সামনে আসে।

বস্তুটি প্রাকৃতিক, নাকি কৃত্রিম এ নিয়ে শুরুতে জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে মতভেদ ছিল। কয়েক সপ্তাহ ধরে সৌর বিকিরণ এর গতিপথে কীভাবে প্রভাব ফেলছে, তা পর্যবেক্ষণের পর এর প্রাকৃতিক উৎস নিশ্চিত করা হয়। এ কাজে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার লওয়েল ডিসকভারি টেলিস্কোপ ও হাওয়াইয়ের মাউনা কেয়ার একটি টেলিস্কোপ সহায়তা করে।

পেইন জানান, পৃথিবীর কাছাকাছি থাকা অধিকাংশ গ্রহাণুর উৎপত্তি মঙ্গল ও বৃহস্পতির কক্ষপথের মধ্যবর্তী গ্রহাণুপুঞ্জে বলে ধারণা করা হয়। মহাকর্ষীয় প্রভাবে এসব বস্তুর কিছু কক্ষপথ পরিবর্তিত হয়ে পৃথিবীর কাছে চলে আসতে পারে। কোনও বস্তু তুলনামূলক কম গতিতে পৃথিবীর কাছে এলে পৃথিবী ও চাঁদের মহাকর্ষীয় প্রভাবে সেটি সাময়িকভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করতে পারে।

২০২৬ কিউকিউ৮ পৃথিবীতে আঘাত হানার কোনও আশঙ্কা নেই। বস্তুটি এত ছোট যে, বায়ুমণ্ডলে প্রবেশ করলেও নিরীহভাবে ভেঙে যাবে। সে ক্ষেত্রে আকাশে উজ্জ্বল উল্কা দেখা যেতে পারে বলে জানান পেইন।

জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার পৃথিবীর কাছাকাছি থাকা বস্তু শনাক্ত করেছেন। সৌরজগতে সব মিলিয়ে পরিচিত বস্তুর সংখ্যা প্রায় ১৫ লাখ। তবে চিলির ভেরা সি রুবিন অবজারভেটরির ১০ বছর মেয়াদি জরিপ পূর্ণাঙ্গভাবে চালু হলে এ সংখ্যা বেড়ে ৫০ লাখে পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

/এসএইচএম/
সম্পর্কিত
মার্কিন অবরোধ ভাঙতে ১৪ ট্যাংকার প্রস্তুত ইরানের, উপসাগরে হামলার হুঁশিয়ারি
ভারত সফর দিয়ে বিদেশযাত্রা শুরু করছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি, গদি ছাড়লেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, গ্রেফতার ৭
ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, গ্রেফতার ৭
হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ১৭টিতে ছুটি
সাভার-আশুলিয়ায় ২১ কারখানা বন্ধ, ১৭টিতে ছুটি
দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি নিয়ে যা বললেন প্রসিকিউটর তামিম
দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি নিয়ে যা বললেন প্রসিকিউটর তামিম
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন