এল নিনোর প্রভাবে চলতি বছর হিন্দুকুশ হিমালয় অঞ্চলের কয়েকটি দেশে ভূমিধস ও তুষারধসের ঝুঁকি বাড়তে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গেছে। এতে শীতকালীন আবহাওয়া বিপজ্জনক হয়ে উঠতে পারে। নেপাল, আফগানিস্তান ও বাংলাদেশেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
‘এইচকেএইচ উইন্টার আউটলুক ২০২৬’ শীর্ষক এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক পর্বত উন্নয়ন কেন্দ্র (আইসিমোড), বেইজিং নরমাল ইউনিভার্সিটি এবং চীনের বিজ্ঞান একাডেমির ইনস্টিটিউট অব অ্যাটমোসফেরিক ফিজিকস যৌথভাবে প্রতিবেদনটি তৈরি করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহত্তর হিন্দুকুশ হিমালয় অঞ্চলে বৃষ্টিপাতের ধরনে ব্যাপক অনিয়ম দেখা যেতে পারে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হলেও অন্য কিছু অঞ্চলে শুষ্ক পরিস্থিতি তৈরি হতে পারে। এমনকি কোথাও কোথাও দাবানলের ঝুঁকিও রয়েছে।
আইসিমোডের বিজ্ঞানীরা সতর্ক করেছেন, পশ্চিম হিমালয়ে ভারী বৃষ্টি ও তুষারপাত পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলতে পারে। এতে পাহাড়ের ঢালগুলো অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ের নিচু এলাকায় বৃষ্টিপাত এবং উঁচু এলাকায় ভারী তুষারপাত মিলিয়ে শীতকালে বিপজ্জনক আবহাওয়া তৈরি হতে পারে। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, চীন, নেপাল, ভুটান, বাংলাদেশ ও মিয়ানমারজুড়ে বিস্তৃত হিন্দুকুশ হিমালয় অঞ্চল।
প্রসঙ্গত চলতি বছর হিমবাহের হ্রদ উপচে পড়ার ঘটনায় নেপালে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। পানির প্রবল স্রোতে পথে থাকা সবকিছু ভেসে যায়। এতে অন্তত ১ হাজার ৫০০ মানুষের মৃত্যু হয়। গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনা ঘটে। ভোতে কোশি-ত্রিশূলি নদী করিডরে হিমবাহের বরফ ও পাথর ধসে পড়ার কারণে এ বন্যা সৃষ্টি হয়েছিল।
সূত্র: উইয়ন নিউজ