আগামী ১৬ ডিসেম্বর ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বহুপ্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ২০২৭ সালের মাঝামাঝি সময়ে তা কার্যকর হতে পারে। সোমবার (২৩ নভেম্বর) চুক্তিটি বাস্তবায়নের পরবর্তী ধাপগুলো তুলে ধরে এই তথ্য জানিয়েছেন ভারতে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জাঁ-এরিক পাকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শেয়ার করা এক ভিডিও বার্তায় জাঁ-এরিক পাকে বলেন, চলতি বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে এই চুক্তির আলোচনা সফলভাবে শেষ হয়। এরপর উভয় পক্ষের প্রতিনিধি দল চুক্তির খসড়া চূড়ান্ত এবং কারিগরি বিষয়গুলো পরিমার্জনের কাজ সম্পন্ন করে।
তিনি জানান, ইউরোপীয় কমিশন গত সেপ্টেম্বরে চুক্তিটি স্বাক্ষরের জন্য কাউন্সিলের কাছে প্রস্তাব পাঠিয়েছে এবং ইউরোপীয় মন্ত্রীরা বর্তমানে চুক্তি স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত অনুমোদনের আলোচনা করছেন। রাষ্ট্রদূত পাকে বলেন, ব্যাপকভাবে আশা করা হচ্ছে যে, ডিসেম্বরে চুক্তি স্বাক্ষরের বিষয়ে আমরা সম্মত হবো। আর এই চুক্তি স্বাক্ষরের জন্য ইউরোপে একটি উচ্চপর্যায়ের সফর অনুষ্ঠিত হবে বলেও আমরা আশাবাদী।
চুক্তি স্বাক্ষরের পরবর্তী ধাপগুলো ব্যাখ্যা করে ইইউ রাষ্ট্রদূত বলেন, চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পর তা ইউরোপীয় পার্লামেন্টে পর্যালোচনার (স্ক্রুটিনি) জন্য পাঠানো হবে। চুক্তিটি কার্যকর হওয়ার আগে পার্লামেন্টের সম্মতি দেওয়া বাধ্যতামূলক। তিনি জানান, সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটি দিল্লি সফর করেছে এবং তারা এই পর্যালোচনা প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছে।
পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়ে পাকে বলেন, আগামী বসন্তে পার্লামেন্ট এই বিষয়ে তাদের মতামত দেবে বলে আশা করা হচ্ছে এবং ইতিবাচক ফলাফলের বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। তবে তিনি স্পষ্ট করেন যে, এটি কমিটির চেয়ারম্যানের মূল্যায়ন এবং তিনি ইউরোপীয় পার্লামেন্টের পক্ষ হয়ে কথা বলছেন না। পার্লামেন্টে চুক্তিটি নতুন করে আলোচনার সুযোগ নেই, কেবল সম্মতি বা অসম্মতি জানানো হবে। এরপর ২০২৭ সালের মাঝামাঝি সময়ে চুক্তিটি কার্যকর হতে পারে এবং কার্যকর হওয়ার দিন থেকেই এর সুফল মিলতে শুরু করবে বলে জানান তিনি।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই চুক্তির ফলে দেশের শ্রমঘন খাতগুলো বিশেষভাবে উপকৃত হবে। এর মধ্যে রয়েছে বস্ত্র, তৈরি পোশাক, চামড়া, পাদুকা, সামুদ্রিক পণ্য, রত্ন ও অলঙ্কার, হস্তশিল্প, প্রকৌশল পণ্য এবং অটোমোবাইল খাত। চুক্তিটি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রমঘন খাতে ভারতের প্রায় ৩ হাজার ৩০০ কোটি (৩৩ বিলিয়ন) মার্কিন ডলার মূল্যের রফতনি পণ্যের ওপর শুল্ক শূন্যের কোঠায় নেমে আসবে। এতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই), নারী উদ্যোক্তা, কারিগর, তরুণ এবং পেশাজীবীদের জন্য নতুন সুযোগ তৈরি হবে।
এছাড়া কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের ক্ষেত্রে ভারত অনুকূল বাজার সুবিধা নিশ্চিত করেছে, তবে দুগ্ধজাত পণ্য, খাদ্যশস্য, পোল্ট্রি এবং নির্দিষ্ট কিছু সংবেদনশীল কৃষি খাতকে সুরক্ষিত রাখা হয়েছে। পণ্য বাণিজ্যের পাশাপাশি এই চুক্তিতে সেবা খাত, ডিজিটাল বাণিজ্য, শুল্ক ও বাণিজ্য সহজীকরণ, মেধাস্বত্ব অধিকার এবং পেশাজীবীদের যাতায়াত সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তির আওতায় আন্তঃকোম্পানি বদলি, চুক্তিভিত্তিক সেবা সরবরাহকারী এবং স্বাধীন পেশাজীবীদের ইউরোপীয় দেশগুলোতে যাতায়াতের জন্য একটি কাঠামো তৈরি করা হয়েছে।
ইউরোপীয় কমিশনের তথ্যমতে, ২০২৫ সালে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দ্বিপক্ষীয় পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল ১১ হাজার ৮০০ কোটি (১১৮ বিলিয়ন) ইউরো।
সূত্র: এএনআই