প্রাথমিক পর্যায়ের নির্দিষ্ট ধরনের স্তন ক্যানসারের চিকিৎসায় সুইজারল্যান্ডভিত্তিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রোশের তৈরি বড়ি ‘উইলসার্ডলি’ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। সোমবার (২৪ নভেম্বর) দেওয়া এ অনুমোদনের ফলে দুই দশকের বেশি সময় পর এ রোগের চিকিৎসায় নতুন হরমোন থেরাপির সুযোগ তৈরি হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ওষুধটির জেনেরিক নাম গিরেডেস্ট্র্যান্ট। অস্ত্রোপচারের পর যেসব রোগীর ক্যানসার ফিরে আসার ঝুঁকি মাঝারি থেকে বেশি, তাদের ক্ষেত্রে এটি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। এফডিএ জানিয়েছে, ইস্ট্রোজেন রিসেপ্টর-পজিটিভ এবং এইচইআর২-নেগেটিভ প্রথম থেকে তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত রোগীরা এ ওষুধ নিতে পারবেন। স্তন ক্যানসারের প্রায় ৭০ শতাংশই এ ধরনের।
প্রতিদিন একবার সেবনযোগ্য এই বড়ি ক্যানসার কোষের বৃদ্ধিতে ইস্ট্রোজেনের ভূমিকা বাধাগ্রস্ত করে। একই সঙ্গে কোষে ইস্ট্রোজেন রিসেপ্টরের সংখ্যাও কমিয়ে দেয়।
ক্যানসার ফিরে আসার ঝুঁকি কমায় ৩০ শতাংশ
৪ হাজার ১৭০ জন প্রাপ্তবয়স্ক রোগীর ওপর পরিচালিত শেষ পর্যায়ের একটি গবেষণার ভিত্তিতে ওষুধটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে অংশগ্রহণকারীরা সর্বোচ্চ পাঁচ বছর উইলসার্ডলি অথবা প্রচলিত হরমোন থেরাপি গ্রহণ করেন। গবেষণার ফলাফলে দেখা গেছে, প্রচলিত চিকিৎসার তুলনায় উইলসার্ডলি ব্যবহারে ক্যানসার ফিরে আসা বা মৃত্যুর ঝুঁকি ৩০ শতাংশ কমেছে।
রোশে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আগামী কয়েক দিনের মধ্যে ওষুধটি বাজারে পাওয়া যেতে পারে। সেখানে এর মাসিক তালিকামূল্য নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ৫০০ ডলার।
এর এক সপ্তাহ আগেও উন্নত পর্যায়ের বা শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া স্তন ক্যানসারের নির্দিষ্ট রোগীদের চিকিৎসায় এফডিএ ওষুধটি অনুমোদন করেছিল। সে ক্ষেত্রে ইএসআর১ জিনের মিউটেশন থাকা টিউমারের রোগীদের এভারোলিমাসের সঙ্গে গিরেডেস্ট্র্যান্ট ব্যবহারের অনুমতি দেওয়া হয়।
তবে ওষুধটি রোগীদের আয়ু বাড়াতে সহায়তা করে কি না, তা জানতে তাদের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে এফডিএ। বাজারে আসার পর এ বিষয়ে গবেষণার ফলাফল জমা দিতে সম্মত হয়েছে রোশে।
এস্তোনিয়াকে ‘প্রকাশ্য যুদ্ধের’ হুমকি দিলো রাশিয়া