আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী

বাংলাদেশকে ১৬ ডিসেম্বরের মধ্যে দখলে নেওয়ার দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

মঙ্গলবার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিতর্কিত এ মন্তব্য করেন তিনি। অর্জুন সিং বলেন, ‘আমরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনও অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমরা অবশ্যই নেব। এ বিষয়ে কোনও সন্দেহ নেই।’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে উত্তেজনার মধ্যে পশ্চিমবঙ্গের মন্ত্রীর এ বক্তব্য এলো। এর আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছিলেন, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কেবল বন্দি হিসেবে, হাতকড়া পরা অবস্থায় এবং কঠোর নজরদারির মধ্যে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে বাংলাদেশে ফেরার বিষয়ে হাসিনার পরিকল্পনা প্রসঙ্গে কবির বলেন, ইচ্ছা আর বাস্তবতা এক বিষয় নয়।

কবির আরও বলেন, একজন সন্ত্রাসীকে প্রত্যর্পণ ছাড়া দেশে ফিরতে দেওয়া হবে না। তিনি সাধারণ কোনও বাণিজ্যিক ফ্লাইটের যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে এবং কঠোর নজরদারিতে দেশে আনা যেতে পারে।

এর আগে হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে জানিয়েছিলেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান সাবেক এই প্রধানমন্ত্রী। এক আনুষ্ঠানিক বার্তায় তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের হেলিকপ্টারে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে ‘নিছক পাগলামি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম।

রবিবার রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছিলেন, দেশে ফিরলে হাসিনাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তার যাতায়াতের জন্য ভারতকে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়ে এবং তার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে রূপ নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে চলে যান তিনি।

পরে আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা।

চলতি বছরের আগস্টে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে দেশে ফেরার ইচ্ছার কথা জানান হাসিনা। পরবর্তী সময়ে একাধিক সাক্ষাৎকারেও একই পরিকল্পনার কথা বলেছেন তিনি। এ মাসের শুরুতে যুক্তরাজ্যে থাকা আইনজীবীদের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেন।

হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে একাধিকবার অনুরোধ জানিয়েছে ঢাকা। তবে নয়াদিল্লি জানিয়েছে, বিষয়টি পরীক্ষা করে দেখা হচ্ছে।