মোদির শাসনামলে ভারতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকার দেশটির গণতান্ত্রিক স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় গঠিত প্রতিষ্ঠানগুলোকে ধারাবাহিকভাবে দুর্বল করে তুলেছে বলে অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির নতুন এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত এক দশকে নির্বাহী ক্ষমতার ওপর নিয়ন্ত্রণ আরও সুসংহত করতে গিয়ে আইনের শাসন ক্ষয় করা হয়েছে এবং দেশটিতে কর্তৃত্ববাদী প্রবণতা গভীরতর হয়েছে।

‘সো হোয়াটস দিস ডেমোক্রেসি উই আর টকিং অ্যাবাউট?’: মোদিস অথরিটারিয়ান প্লেবুক ইন ইন্ডিয়া’ শিরোনামের ৯৫ পৃষ্ঠার এই প্রতিবেদনটি সম্প্রতি প্রকাশ করা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, গবেষক, বিচারক ও সাবেক সরকারি কর্মকর্তাসহ ৪০ জনের বেশি ব্যক্তির সাক্ষাৎকারের ভিত্তিতে এটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নেতৃত্বাধীন সরকার সংসদীয় রীতিনীতি উপেক্ষা করছে, রাজনৈতিক বিরোধীদের দমন করছে এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। পাশাপাশি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় তথ্য কমিশন, দুর্নীতিবিরোধী লোকপাল এবং মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক ও বিধিবদ্ধ সংস্থাগুলোর স্বাধীনতা খর্ব করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক এলেইন পিয়ারসন বলেন, গত এক দশকে মোদি সরকার ভারতের স্বাধীন প্রতিষ্ঠানগুলোকে ফাঁপা করে দিয়েছে, যেগুলো নির্বাহী ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং নাগরিক স্বাধীনতা সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, আইনের শাসন দুর্বল করার পাশাপাশি হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদকে উৎসাহিত করায় প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ক্ষুণ্ন হচ্ছে।

প্রতিবেদনে ‘মানি বিল’ বা অর্থ বিলের অপব্যবহারের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মৌলিক অধিকারের ওপর প্রভাব ফেলে এমন আইন পাসে অর্থ বিলের প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ২০১৯ সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনের মাধ্যমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ক্ষমতা বাড়ানো হয়েছিল। সরকারি তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ইডি ১৯৩ জন রাজনীতিকের বিরুদ্ধে মামলা করেছে, যাদের অধিকাংশই সরকারবিরোধী; যেখানে মোদি সরকারের আগের এক দশকে তদন্তের মুখে পড়েছিলেন ২৬ জন রাজনীতিক। বিরোধীদের মতে, দল বদলে বিজেপিতে যোগ দিলে এসব তদন্ত স্থগিত হয়ে যায়।

এছাড়া ভোটার তালিকা সংশোধনের বিশেষ অভিযানে ২০২৫ সালের জুন থেকে ১৩ কোটির বেশি নাম বাদ পড়ার ঘটনায় ২০২৬ সালের অক্টোবরে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিক্ষোভের পর নভেম্বরে নির্বাচন কমিশন কিছু সিদ্ধান্ত উল্টে দেয়। বিচার বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে এইচআরডব্লিউ জানিয়েছে, মৌলিক স্বাধীনতা রক্ষায় আদালতগুলো যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।

প্রতিবেদনের শেষাংশে হিউম্যান রাইটস ওয়াচ ভারতের মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা দ্বিপক্ষীয় বাণিজ্য ও নিরাপত্তা আলোচনা এবং জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ তুলে ধরে।

সূত্র: হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)

/এসএইচএম/
সম্পর্কিত
রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন 
চীনা রকেটে মহাকাশে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী
হরমুজে ফের মাইন বিস্ফোরণে দুইটি তেলবাহী ট্যাংকারে আগুন
সর্বশেষ খবর
সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বাধিক গোপালগঞ্জে
সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বাধিক গোপালগঞ্জে
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যা: ৬ দিন পর মামলা
নড়াইলে ২ বিএনপি নেতা হত্যা: ৬ দিন পর মামলা
ইতালির প্রস্তাব ফিরিয়ে বিব্রত গার্দিওলা, কী ভাবছেন এখন
ইতালির প্রস্তাব ফিরিয়ে বিব্রত গার্দিওলা, কী ভাবছেন এখন
চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গায় বিল পাহারাদারকে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?