আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তার মুখপাত্র।
এবারই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। তার এ পরিকল্পনাকে ঘিরে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশে তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রের জন্য আবেদন করার পর থেকে দেশে সহিংসতাও বেড়েছে।
হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও তিনি সরকারের কাছে রাষ্ট্রীয় উড়োজাহাজের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসনে পাঠানোর পর বিজয় দিবসে দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। এ বিষয়ে বাংলাদেশের সরকারের কোনও মুখপাত্র তাৎক্ষণিকভাবে মন্তব্য করেননি।
এর আগে রবিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা।
শামা ওবায়েদ আরও জানান, হাসিনাকে ফিরিয়ে আনতে ভারত থেকে বিমান পাঠানোর বিষয়ে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। ওই আন্দোলনে সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযানের নির্দেশ দেওয়ার অভিযোগে তাকে এ সাজা দেওয়া হয়। তবে নির্বাসনে থাকা অবস্থায় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
সূত্র: রয়টার্স
রোহিঙ্গা গণহত্যা মামলায় আইসিজের রায় মানতে মিয়ানমারকে ১৪ দেশের আহ্বান
এবার আরও এক দেশকে যুদ্ধের হুমকি দিলো রাশিয়া