সরকারি নথিতে আফগান নারীদের নাম নিষিদ্ধ, ডাকতে হবে ‘বিবি’ বলে

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে নারীদের নাম সরকারি নথিতে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান। চিকিৎসার নথিপত্রসহ বিভিন্ন সরকারি কাগজে নারীদের নাম লেখা যাবে না। এমনকি হাসপাতালে নারী রোগীদের ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। আফগানিস্তানের অনলাইন সংবাদমাধ্যম জান টাইমস ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতালের কর্মীদের নারীদের ‘বিবি’ বলে সম্বোধন করতে বলা হয়েছে। আফগানিস্তানে ‘বিবি’ শব্দটি সাধারণত সব বয়সী নারীর ক্ষেত্রে সম্মানসূচক সম্বোধন হিসেবে ব্যবহৃত হয়। তবে স্পেনভিত্তিক সংবাদমাধ্যম এল পাইস জানিয়েছে, নারী ও অধিকারকর্মীদের বিভিন্ন বক্তব্যে উঠে এসেছে, কিছু ক্ষেত্রে তালেবান সদস্যরা নারীদের ‘ছাগল’ বা ‘গরু’র মতো অবমাননাকর শব্দেও সম্বোধন করছেন।

তালেবানের নারী অধিকারবিরোধী পদক্ষেপের কারণে দেশটিতে নারীদের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগও সংকুচিত হচ্ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগান নারীরা সীমিত স্বাস্থ্যসেবার কারণে কঠিন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। কুনার প্রদেশের এক নারী জানিয়েছেন, চিকিৎসাসেবা না পাওয়ায় তাকে একাধিকবার গর্ভপাতের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।

দেশটির অনেক প্রদেশে নারী রোগীদের চিকিৎসা দিতে পুরুষ চিকিৎসকদের নিষেধ করেছে তালেবান। আফগানিস্তানে নারীদের কাজের অনুমতি থাকা অল্প কয়েকটি ক্ষেত্রের একটি হলো স্বাস্থ্যসেবা। তবে ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসাসংক্রান্ত বিষয়ে নারীদের প্রশিক্ষণ নেওয়ার ওপরও নিষেধাজ্ঞা জারি করে তালেবান। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ সতর্ক করে বলেছে, এর ফলে দ্বিমুখী সংকট তৈরি হয়েছে। প্রশিক্ষিত নারী স্বাস্থ্যকর্মীরা অবসর নিচ্ছেন কিংবা দেশ ছাড়ছেন। অন্যদিকে তাদের জায়গায় কাজ করার জন্য নতুন করে কোনও নারীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না।

২০২৪ সালে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, নারীদের নাগরিক নথিপত্র সংগ্রহ করতে হলে সঙ্গে একজন পুরুষ অভিভাবক বা সঙ্গী থাকা বাধ্যতামূলক। তবে দীর্ঘ প্রক্রিয়ায় সময় নষ্ট, যাতায়াতের দূরত্ব এবং এ সময় কাজের আয় হারানোর আশঙ্কায় অনেক পুরুষ নারীদের সঙ্গে যেতে অনীহা দেখান। আবার অনেকের ধারণা, অধিকাংশ নারী যেহেতু কাজ করার অনুমতি পান না, তাই তাদের এসব নথিপত্রেরও প্রয়োজন নেই।

নারীপ্রধান পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন। এসব পরিবারের নারী প্রধানদের সঙ্গে আবেদন করার জন্য কোনও পুরুষ অভিভাবক না থাকায় নিজেদের কিংবা সন্তানদের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করতে তাদের সমস্যায় পড়তে হয়।

নাগরিক নথিপত্র সাধারণত স্বাস্থ্যসেবা, শিক্ষা, মানবিক সহায়তা এবং ব্যাংক হিসাব খোলার মতো জরুরি সেবা পাওয়ার জন্য প্রয়োজন হয়। ফলে এসব নথি সংগ্রহে বাধা নারীদের মৌলিক সেবাপ্রাপ্তির পথও কঠিন করে তুলছে। 

সূত্র: নিউজ আরব