যৌন নিগ্রহের ঘটনায় কোলনের পুলিশ প্রধানের পদত্যাগ

বর্ষবরণ উৎসবে ভিড়ের মধ্যে নারীদের ওপর যৌন নিপীড়নের ঘটনায় পদত্যাগ করেছেন জার্মানির কোলন শহরের পুলিশ প্রধান ভলফগ্যাং আলবেস। জার্মান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যৌন নিগ্রহের ঘটনার পর পুলিশের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Cologne police chief leaves post after New Year Eve attacks

জার্মানির নর্থ-রায়েন ওয়েস্টফেইলিয়া (এনআরডব্লিউ) রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার ভলফগ্যাং-এর অগ্রিম অবসরে যাওয়া ঘোষণা দেবেন বলে জানা গেছে।

এনআরডব্লিউ’র স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ এ সপ্তাহের মধ্যে তাকে এ ঘটনার ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন দেবে। তদন্তকাজের ব্যাপারে বিস্তারিত আর কিছু বলতে অস্বীকৃতি জানান তিনি।

এদিকে, বর্ষবরণ উৎসবে যৌন নিপীড়নকারীদের দেশ থেকে বিতাড়িত করার ঘোষণা দিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।

মেরকেল বলেন, তাদের (বহিরাগতদের) জার্মানির আইন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা উচিত। আর সে কারণেই এই ঘটনায় জড়িতদের জার্মানি থেকে বিতাড়িত করা হবে। বর্ষবরণের উৎসবে যা হয়েছিল, তা মোটেই কাম্য নয়।

গত বৃহস্পতিবার রাতে নতুন বছরকে স্বাগত জানাতে কোলন সিটি সেন্টার ও এর আশেপাশের এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়। ভিড়ের সুযোগে কোলন স্টেশন ও সিটি সেন্টারের মাঝামাঝি জায়গায় একদল তরুণ নারীদের যৌন নির্যাতন করে। প্রায় ৯০ জন নারী ডাকাতি, হুমকি এবং যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কোলন পুলিশ জানায়, ভিড়ের মধ্যে থাকা প্রায় এক হাজার পুরুষের একটি দল এ ঘটনার জন্য দায়ী। তাদের অনেকে মদ্যপ ছিল এবং দেখতে ‘আরব ও উত্তর আফ্রিকানদের মতো’ ছিল।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, হামবুর্গ, স্টুটগার্ট ও ডর্টমুন্ডেও বর্ষবরণ উৎসবে একই ধরনের ঘটনা ঘটেছে।

ওই রাতের পরিস্থিতি বর্ণনায় এক ব্যক্তি বিবিসিকে বলেন, আমি আমার সঙ্গী ও ১৫ বছর বয়সী মেয়েকে নিয়ে স্টেশনের বাইরে গেলে একদল লোক আমাদের ঘিরে ধরে। তারা আমার সঙ্গী ও মেয়ের গোটা শরীরে হাত দিতে থাকে এবং দুই পায়ের ফাঁকে চেপে ধরে।

এদিকে, এ ঘটনায় জড়িত সন্দেহভাজন ৩১ আশ্রয়প্রার্থীর মধ্যে ১৮ জনকে সনাক্ত করেছে জার্মান কর্তৃপক্ষ। সূত্র: বিবিসি।

/এমপি/