মার্কিন কংগ্রেসে ভাষণ দিয়ে ইতিহাস তৈরি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রে ২০০১ সালের সন্ত্রাসী হামলার ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে তিনি নিজ দেশের জন্য আরও বেশি সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন।
ভিডিও লিংকে যুক্ত হয়ে জেলেনস্কি বলেন, রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে তার দেশ প্রতিদিনই ৯/১১ এর ভয়াবহতা প্রত্যক্ষ করছে। ইউক্রেনের আকাশে নো-ফ্লাই জোন বাস্তবায়নে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো জোটের প্রতি ফের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের আকাশ সুরক্ষিত করা প্রয়োজন’।
সমবেত মার্কিন রাজনীতিবিদদের ১৯৪১ সালের পার্ল হারবার এবং ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দিয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় নাগরিকেরা প্রতিদিন সেই একই ভয়াবহতা প্রত্যক্ষ করছে। তিনি বলেন, ‘আপনাদের মহান ইতিহাসে এমন কিছু পাতা রয়েছে যা থেকে ইউক্রেনীয় ইতিহাস বুঝতে পারবেন। এখন আমাদের বুঝুন।’
সরাসরি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ্য করে জেলেনস্কি বলেন, ‘আমার ইচ্ছা আপনি বিশ্বের নেতা হয়ে উঠুন। বিশ্বের নেতা হওয়ার অর্থ শান্তির নেতা হওয়া।’
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউক্রেনে আরও ৮০ কোটি ডলারের সামরিক সহায়তা অনুমোদন দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত সপ্তাহে কংগ্রেসের অনুমোদন পাওয়া ব্যয় বিলের আওতায় এই সহায়তা দেওয়া হবে।
সূত্র: বিবিসি