ইউরোপের ‘বেদনাদায়ক’ শীতকালের জন্য পুতিনকে ভুগতে হবে: এস্তোনিয়া

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনসালু বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো দেশগুলোর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও বিস্তৃত করতে হবে। একইসঙ্গে নিশ্চিত করতে হবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন পশ্চিমা ঐক্যকে খাটো করতে আসন্ন শীতকালকে কাজে লাগাতে না পারেন। শুক্রবার মার্কিন সাময়িকী নিউজউইক এখবর জানিয়েছে।

উরমাস রেইনসালু বলেছেন, ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে পরের পদক্ষেপ হওয়া উচিত মস্কোর তেল রফতানিতে আরও নিষেধাজ্ঞা জারি করা। ইতোমধ্যে জারি করা আংশিক নিষেধাজ্ঞা ডিসেম্বরে কার্যকর হবে।

তিনি বলেন, নিষেধাজ্ঞার মূল্যবৃদ্ধির ফলে আক্রমণকারীদের আরও চাপে ফেলবে। এর ফলে তারা যুদ্ধ অবসানের কথা ভাবতে বাধ্য হবে।

তিনি আরও বলেন, আমাদের ধৈর্যশীল হতে হবে- এমন ভাবনা কৌশলগতভাবে ভুল হতে পারে। আমাদের আরও এগিয়ে আসতে হবে।

এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুতিন হলেন একমাত্র ব্যক্তি যিনি এই যুদ্ধ থামাতে পারেন। যদি মূল্যবৃদ্ধির ফলে তার ক্ষমতার অবস্থান হুমকির মুখে পড়ে, এই লক্ষ্যে যদি আমাদের নিষেধাজ্ঞা জারি করা হয়, তাহলে তা পরিস্থিতি বদলে দিতে পারে।

রেইনসালু বলেন, আমাদের বাস্তবিক সিদ্ধান্ত যদি খুব দুর্বল হয় তাহলে এটি একটি ভারসাম্যপূর্ণ সংকট, ভারসাম্যপূর্ণ যুদ্ধ। এর ফলে ইউক্রেনীয়দের আর্থ-সামাজিক পরিণতি ভোগ করতে হবে। যদি আমরা শীতকালের দিকে তাকাই তাহলে তা খুব বেদনাদায়ক ও কষ্টকর হবে।