বাখমুতে ইউক্রেনীয় হামলায় দুই কমান্ডার নিহত: রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতে চলমান লড়াইয়ে রুশ সেনাবাহিনীর দুই কমান্ডার নিহত হয়েছেন। রবিবার নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। দীর্ঘ ৯ মাস ধরে রক্ষণাত্মক অবস্থানে থাকা ইউক্রেনে শহরটিতে সীমিত পাল্টা আক্রমণ শুরু করার পর কমান্ডার নিহতের তথ্য জানালো মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, চতুর্থ মটোরাইজড রাইফেল ব্রিগেডের কমান্ডার ভিয়াচেস্লাভ মাকারভ ও পৃথক আরেকটি শাখার উপ-কমান্ডার ইয়েভজেনি ব্রভকো ইউক্রেনীয় হামলা প্রতিহত করতে গিয়ে নিহত হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে সামরিক কমান্ডারদের নিহতের কথা সচরাচর ঘোষণা দেওয়া হয় না। তবে রবিবার আরও বলা হয়েছে, সম্মুখভাগে সেনাদের নেতৃত্ব দিচ্ছিলেন এবং ব্রাভকো সাহসিকতার সঙ্গে একাধিক শ্রাপনেলের আঘাতে আহত হওয়ার পর মৃত্যুবরণ করেছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, বাখমুতের উত্তর ও দক্ষিণ দিক থেকে আক্রমণ চালিয়েছে ইউক্রেন। তবে রুশ প্রতিরক্ষা রেখা তারা ভেদ করতে পারেনি। ইউক্রেনীয় বাহিনীর সব হামলা প্রতিহত করা হয়েছে।

পৃথকভাবে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রবিবার বলেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়া বাখমুতের দিকে ৪০০ ফুট অগ্রসর হয়েছে।

রয়টার্সের পক্ষ থেকে স্বতন্ত্রভাবে কোনও পক্ষের দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।