পূর্বাঞ্চলীয় ইউক্রেনের বাখমুত শহরে কিয়েভের সেনারা গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ থেকে ১ হাজার ১০০ মিটারের মতো অগ্রসর হয়েছে। টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার এমন দাবি করেছেন। বুধবার (৭ জুন) এক প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে।
হান্না মালিয়ার বলেন, ‘বাখমুত অভিমুখে আমাদের সেনারা এখন প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। বাখমুতের বিভিন্ন স্থান থেকে গত ২৪ ঘণ্টায় প্রায় ২০০ থেকে ১ হাজার ১০০ মিটার অগ্রসর হয়েছে আমাদের সেনারা।’
তিনি আরও বলেছেন, ‘শত্রুরা আত্মরক্ষার চেষ্টা করছে, দখলকৃত অবস্থান ধরে রাখার চেষ্টা করছে।’
তবে সেখানে এখনও রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের কিছু যোদ্ধা উপস্থিত থেকে ‘লড়াই চালিয়ে যাচ্ছে’ বলে উল্লেখ করেছেন তিনি।
কয়েক সপ্তাহ আগে ওয়াগনার ও রুশ সেনাদের নিয়ন্ত্রণে চলে যায় বাখমুত। প্রায় ৯ মাসের রক্তপাতের মধ্যে দিয়ে শহরটির নিয়ন্ত্রণ হারায় ইউক্রেন। কিন্তু অল্প কিছুদিনের মাথায় ফের অশান্ত হয়ে উঠেছে বাখমুতের আশপাশ। পশ্চিমাদের পাঠানো ভারী অস্ত্র নিয়ে আক্রমণ চালাচ্ছে জেলেনস্কির সেনারা।