আসন্ন শীতেও পাল্টা আক্রমণ চলবে: ইউক্রেনীয় গোয়েন্দা প্রধান

ইউক্রেনের গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ বলেছেন, রাশিয়ার সেনাবাহিনীর  বিরুদ্ধে ইউক্রেনীয় পাল্টা আক্রমণ চলতি বছরের শেষ দিকে শীতের সময়েও অব্যাহত থাকবে। যদিও ওই সময়ে লড়াই করা কঠিন। শনিবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার দখলকৃত ভূখণ্ড পুনরুদ্ধারে জুন মাসে দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন। তিন  মাসের মধ্যে  দক্ষিণ ও পূর্বাঞ্চলে কয়েক ডজনের বেশি গ্রাম তারা পুনরুদ্ধার  করতে পেরেছে। কিন্তু  রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা ও মাইন পুঁতে রাখার কারণে প্রত্যাশা মতো অগ্রগতি হয়নি।

কিন্তু পাল্টা আক্রমণের ধীরগতির অগ্রগতি কিয়েভের পশ্চিমা সমর্থকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। ফলে আশঙ্কা করা হচ্ছে, ইউক্রেনকে দেওয়া সামরিক সহযোগিতা চালিয়ে যেতে পশ্চিমা মিত্ররা সংকটে পড়তে পারে। এই সহযোগিতা ছাড়া ইউক্রেনের পক্ষে লড়াই করা অসম্ভব।

কিরিলো বুদানভ বলেছেন, যেভাবে হোক লড়াই অব্যাহত থাকবে।  শীতে, ভেজা ও কাদায় লড়াই করা কঠিন। তবু পাল্টা আক্রমণ অব্যাহত থাকবে।

আক্রমণের অগ্রগতি প্রত্যাশার চেয়ে ধীর এবং পরিস্থিতি কঠিন  বলে  স্বীকার করে বুদানভ বলেছেন, আমাদের পাল্টা আক্রমণ একাধিক ফ্রন্টে চলছে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ভাদিম স্কিবিটস্কি শনিবার বলেছিলেন, বর্তমানে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ার ৪ লাখ ২০ হাজার সেনা রয়েছে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন সেনাপ্রধান জেনারেল  মার্ক  মিলি বলেছেন, আসন্ন শীতে জোরালো আক্রমণ ধরে রাখাটা কঠিন। শীত আসার আগে লড়াইয়ের জন্য কিয়েভের হাতে সময় আছে আর  মাত্র ৩০ দিন। তীব্র শীতে পরিস্থিতি কৌশলে ইউক্রেনের পক্ষে আনা আরও কঠিন হয়ে পড়বে।

বাহিনীর বিরুদ্ধে চলমান পাল্টা আক্রমণ প্রত্যাশার চেয়ে অনেক ধীরগতির বলে তিনিও স্বীকার করেছেন। তবে  বলেছেন, আশার কথা হচ্ছে, তীব্র লড়াই এখনও চলছে।