রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর হামলার প্রচেষ্টাকে প্রতিহত করার দাবি করেছে রুশ বাহিনী। শুক্রবার (১৫ মার্চ) এই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার আন্তঃসীমান্তে এ হামলার প্রচেষ্টা চালিয়েছিল ইউক্রেনীয় সেনারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেনের ব্যর্থ এ প্রচেষ্টার বিষয়টি উল্লেখ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কোজিনকা সীমান্তে ৩০ জনের বেশি সেনা মোতায়েনের উদ্দেশ্যে হেলিকপটার নিয়ে এসেছিল ইউক্রেনীয় বাহিনী। তখন রুশ সীমান্তরক্ষী বাহিনী ও সেনারা তাদেরকে প্রতিহত করে।
ইউক্রেনের কর্মকর্তারা বলেছিলেন, এই হামলা প্রচেষ্টার আগে রুশ সীমান্তবর্তী বেলগোরোড ও কুরস্ক অঞ্চলে ক্রেমলিনবিরোধী রুশ সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বেলগোরোডের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, কোজিনকা গ্রামে দুইজন নিহত হয়েছেন। এছাড়া অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে।
এদিকে, রাশিয়ায় আজ প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল ৮ টায় পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়। তিন দিনব্যাপী এই ভোটগ্রহণ শেষ হবে ১৭ মার্চ রবিবার রাত আটটায়।