ইউক্রেনের জ্বালানি স্থাপনায় আবারও হামলা করেছে রাশিয়া। মঙ্গলবার (২১ মে) রাতভর সুমি অঞ্চলের জ্বালানি স্থাপনায় এই হামলা চালিয়েছে দেশটি। এতে ৫ লাখেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বুধবার এই তথ্য জানিয়েছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
বুধবার সকালের মধ্যেই বেশিরভাগ স্থানে বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।
এ হামলার কারণে চের্নিহিভ এবং খারকিভ অঞ্চলেও বিদ্যুৎ সরবরাহ প্রভাবিত হয়েছিল। সেখানেও তা পুনরুদ্ধার করা হয়েছে।
আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যবহৃত সাতটি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী।