ইউক্রেনকে অতিরিক্ত বিমান প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। দেশটিকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি এবং প্যাট্রিয়টের উপাদানসহ পাঁচটি অতিরিক্ত বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করবে তারা। ন্যাটো সম্মেলনের সময় একটি যৌথ বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন দেশগুলোর নেতারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ন্যাটো সম্মেলনে এই সহায়তার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, রোমানিয়া, ইতালি, জার্মানি এবং ইউক্রেনের নেতারা একটি যৌথ বিবৃতি জারি করেন। আগামী মাসগুলোতে ইউক্রেনকে কয়েক ডজন কৌশলগত বিমান প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করতে চায় তারা। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করেছিল রাশিয়া। রুশ বাহিনীকে মোকাবিলা করার জন্য ইউক্রেনেকে যুদ্ধের শুরু থেকেই সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে,‘আমরা ইউক্রেনকে অতিরিক্ত কৌশলগত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিতে যাচ্ছি। এর মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি ও রোমানিয়ার অতিরিক্ত প্যাট্রিয়ট ব্যাটারি; প্যাট্রিয়ট ব্যাটারিকে অপারেশনে সক্ষম করার জন্য নেদারল্যান্ডস ও অন্যান্য অংশীদারদের দেওয়া প্যাট্রিয়ট উপাদান এবং ইতালির দেওয়া একটি অতিরিক্ত এসএএমপি সিস্টেম রয়েছে।’
যে কারণে এই সরবরাহ গুরুত্বপূর্ণ
ইউক্রেনের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র। ২০২২ সাল থেকে দেশটিকে ৫০ বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছে ওয়াশিংটন। তবে গত শীতে টানা কয়েক মাস মার্কিন সামরিক সহায়তার একটি প্রস্তাব কংগ্রেসে আটকে ছিল। তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, অস্ত্রের ঘাটতি যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে এগিয়ে দিচ্ছে৷
সংঘাতের শুরু থেকে যুদ্ধের সম্মুখভাগে তেমন কোনও অগ্রগতি করতে পারেনি রাশিয়া। তবে সাম্প্রতিক মাসগুলোতে পূর্ব ইউক্রেনে কিছুটা অগ্রগতি করেছে মস্কো। পশ্চিমা সরকারগুলোকে কিয়েভে সামরিক সহায়তার পরিমাণ এবং সেগুলো সরবরাহের গতি বাড়ানোর আহ্বান জানান জেলেনস্কি।
ইউক্রেনকে ৬১ বিলিয়ন ডলারের তহবিল দেওয়ার জন্য এপ্রিলে মার্কিন আইন অনুমোদিত হয়েছিল। গত সপ্তাহে জেলেনস্কি বলেছিলেন, গ্রীষ্মে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ক্ষমতা দ্বিগুণ করতে চান তিনি।
পটভূমি
ইউক্রেনীয় শহর এবং জ্বালানি অবকাঠামোতে রুশ হামলা প্রতিহত করতে দেশটিকে আরও বিমান প্রতিরক্ষাব্যবস্থা দিতে মিত্রদের বারবার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।
ইউক্রেন বলেছে, রাশিয়া সোমবার কিয়েভের প্রধান শিশু হাসপাতাল এবং ইউক্রেনের অন্যান্য শহরগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। কয়েক মাস ধরে করা রুশ বিমান হামলার মধ্যে সবচেয়ে ভয়ংকর হামলা ছিল এটি। এই হামলায় অন্তত ৪১ বেসামরিক নিহত হয়েছেন।
বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে মস্কো।