ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেস্ক অঞ্চলে রাশিয়ার সেনাবাহিনী আরও দুটি সীমান্ত গ্রাম দখল করেছে। সোমবার (২৯ জুলাই) ইউক্রেনের সেনাবাহিনীর এক সেনা সার্জেন্ট এই তথ্য জানিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
ইউক্রেনের ৪৭তম মেকানাইজড ব্রিগেডের প্রধান সার্জেন্ট অলে গ চাউস বলেন, তারা অবিরাম হামলা করেছে ভোভচে এবং প্রগ্রেস গ্রাম দখল করতে। তারা অনেক সেনা পাঠিয়েছে। এত সেনা এর আগে কখনও ব্যবহার করা হয়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্প্রতি দাবি করেছে, তারা গ্রামগুলো দখল করেছে। কিন্তু ইউক্রেনের জেনারেল স্টাফ কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
গ্রামগুলো অাভদিভকা শহরের প্রায় ৩০ কিলোমিটার (২০ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত। আভদিভকা শহরটি রুশ বাহিনী ফেব্রুয়ারিতে দীর্ঘ সংঘাতের পর দখল করেছিল। এই বিজয় ছিল তিন বছরের যুদ্ধের পর ক্রেমলিনের সর্বশেষ বড় জয়।
৪৭তম ব্রিগেডের ডেপুটি ব্যাটালিয়ন কমান্ডার অলেক্সান্দর শিরশিন স্থানীয় মিডিয়াকে নিশ্চিত করেছেন, গ্রামগুলো দখল করা হয়েছে। তিনি পিছিয়ে পড়ার কারণ হিসেবে সেনাদের প্রশিক্ষণের অভাব, কর্মকর্তাদের অদক্ষতা, অনুপ্রেরণা এবং অপ্রতুল অস্ত্রের কথা উল্লেখ করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রবিবার রাতে ডনেস্ক অঞ্চলের পরিস্থিতি ‘অত্যন্ত কঠিন’ হিসেবে বর্ণনা করেছেন।