লেবাননে পেজার বিস্ফোরণ হাইব্রিড যুদ্ধের অংশ: রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, লেবাননের হিজবুল্লাহ ও অন্যান্য গোষ্ঠীর বিরুদ্ধে বিস্ফোরক পেজার ব্যবহার করে চালানো হামলাকে তারা ‘হাইব্রিড যুদ্ধের’ অংশ হিসেবে দেখছে। এই হামলায় হাজারো নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বুধবার (১৮ সেপ্টেম্বর) দাবি করেছে মস্কো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

একজন লেবানিজ নিরাপত্তা সূত্র এবং আরেকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মাসখানেক আগে হিজবুল্লাহর দ্বারা আমদানিকৃত ৫ হাজার পেজারের ভেতর বিস্ফোরক স্থাপন করেছিল। মঙ্গলবার এই পেজারগুলো একযোগে বিস্ফোরিত হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী এই বিস্ফোরণ সম্পর্কে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেছেন, আমরা যা দেখেছি, তা লেবাননের বিরুদ্ধে চালানো আরেকটি হাইব্রিড যুদ্ধের উদাহরণ, যা হাজারো নিরীহ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে।

পেজার বিস্ফোরণে ৯জন নিহত এবং ২ হাজার ৮০০ জন আহত হওয়ার ঘটনায় ইসরায়েলকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে দিয়েছে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। নিহতদের মধ্যে হিজবুল্লাহর এক সদস্যের ১০ বছর বয়সী মেয়েও রয়েছে।

হামলার পর হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, আমরা ইসরায়েলি শত্রুকে এই অপরাধমূলক আগ্রাসনের সম্পূর্ণ দায়ভার বহন করতে বাধ্য করব। ইসরায়েল অবশ্যই এই পাপের জন্য উপযুক্ত শাস্তি পাবে।