নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন বিষয়ে অবস্থান থেকে ‘ইতিবাচক সংকেত’ পেয়েছে রাশিয়া। রবিবার (১০ নভেম্বর) ক্রেমলিন এই সংকেত পাওয়ার কথা জানিয়ে সতর্ক করে বলেছে, ট্রাম্পের প্রশাসনে আসার পর তার আচরণ কী হবে তা পূর্বাভাস দেওয়া কঠিন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সংকেতগুলো ইতিবাচক। ট্রাম্প নির্বাচনের সময় বলেছিলেন যে, তিনি সবকিছু চুক্তির মাধ্যমে দেখেন এবং এমন একটি চুক্তি করতে পারবেন যা শান্তি প্রতিষ্ঠা করতে পারে।
তবে পেসকভ বলেন, নির্বাচনি প্রচারণার সময় দেওয়া বক্তব্যে ট্রাম্প কতটা অটল থাকবেন, তা বলা কঠিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ব্রায়ান লানজা বলেছেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রশাসন রাশিয়ার দখলকৃত অঞ্চল ফিরে পেতে ইউক্রেনকে সক্ষম করার পরিবর্তে সেখানে শান্তি অর্জনের দিকে মনোনিবেশ করবে।
ট্রাম্প ক্রমাগত বলে আসছেন, যুদ্ধের অবসান ঘটানো এবং ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তার নাম করে সম্পদ ব্যয় বন্ধ করা তার অগ্রাধিকার।