ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর অগ্রগতি অব্যাহত রয়েছে। এর মধ্যে সেখানকার আরও একটি গ্রাম দখলের দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২২ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী এবার নোভোদমিত্রিভকা গ্রামটি দখল করেছে। এটিকে একটি ত্বরান্বিত অগ্রগতির সর্বশেষ অর্জন বলে অভিহিত করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী কুরাখোভ শহরের উত্তরে এই গ্রামটির বিষয়ে কোনও কিছু উল্লেখ করেনি। তবে এদিন গভীর রাতে একটি প্রতিবেদনে ইউক্রেনের জেনারেল স্টাফ উল্লেখ করেছেন, এই গ্রামটি সেসব আটটি গ্রামের একটি যেখানে রুশ বাহিনী যুদ্ধ চালিয়ে যাচ্ছিল এবং অগ্রসর হওয়ার চেষ্টা করছিল।
রয়টার্স স্বাধীনভাবে উভয় পক্ষের যুদ্ধক্ষেত্রের হিসেব যাচাই করতে পারেনি।
অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে রুশ প্রতিরক্ষামন্ত্রী বেলোসভকে ইউক্রেনের একটি কমান্ড পোস্ট পরিদর্শন করতে দেখা গেছে। ওই পোস্টটি রুশ সেনাবাহিনীর ‘নর্থ’ গ্রুপ এর। সেখানে সাহসিকতার জন্য সেনাদের পদক তুলে দিচ্ছিলেন তিনি।
প্রতিরক্ষামন্ত্রী বলছিলেন, ‘এখানে আমরা এখন এই কাজটি করেছি যা সেরা ইউক্রেনীয় ইউনিটগুলোকে গুড়িয়ে দিয়েছে। এখানে এখন অগ্রগতি ত্বরান্বিত হয়েছে। আমরা তাদের পুরো ২০২৫ সালের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছি।’
ইউক্রেনের জেনারেল স্টাফ বলেছেন, ১ হাজার কিলোমিটার (৬০০ মাইল) দীর্ঘ ফ্রন্টের কুরাখোভ সেক্টরে তীব্র লড়াইয়ে চলছে। সেক্টরে ৩৫টির মধ্যে দশটিতে এখনও সশস্ত্র সংঘর্ষ চলছে।
ওপেন সোর্স ডেটা অনুসারে, রুশ বাহিনী ইউক্রেনের ২০ শতাংশেরও কম অঞ্চল দখল করেছে এবং গত দুই মাসে ডোনেস্ক অঞ্চলের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে যা ২০২২ সালের মার্চ থেকে দ্রুততম।
তারা কুরাখোভ ও উত্তরে পোকরোভস্ক শহরের কাছে এগিয়ে যাচ্ছে যেগুলো ইউক্রেনের একমাত্র কয়লার খনি। সেগুলো দেশটির ইস্পাত শিল্পে কোকিং কয়লা সরবরাহ করে।
একটি রেল ও লজিস্টিক সেন্টারের কাছে অবস্থিত খারকিভের কুপিয়ানস্কের উত্তরে আরও বেশি সাফল্য অর্জন করেছে রুশ বাহিনী।