ইউক্রেনের ডনেস্কে দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনেস্ক অঞ্চলে ইলিঙ্কা ও পেত্রিভকা নামে দুটি গ্রাম দখল করেছে। রবিবার (১ ডিসেম্বর) এক বিবৃতিতে এই দাবি করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ৫৫টি ড্রোন ভূপাতিত করেছে। তবে এই রণক্ষেত্রের তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

উন্মুক্ত সূত্রের ভিত্তিতে জানা গেছে, রাশিয়ার বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। গত দুই মাসে তারা ডনেস্ক অঞ্চলে ২০২২ সালের মার্চের পর থেকে সবচেয়ে দ্রুত অগ্রগতি অর্জন করেছে।

রাশিয়ার বাহিনী এখন কুরাখোভ ও উত্তরের পোকরোভস্ক শহরের দিকে অগ্রসর হচ্ছে।

উল্লেখ্য, পোকরোভস্ক ইউক্রেনের স্টিল শিল্পের জন্য কয়লা সরবরাহকারী একমাত্র খনির কেন্দ্র হিসেবে পরিচিত।