ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নিজ বাসায় হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ৩৯ বছর বয়সী কামাল উদ্দিন, তার ৩৮ বছর বয়সী স্ত্রী আরজু এবং তাদের ছয় বছর বয়সী মেয়ে অ্যালিসিয়া। এ ঘটনায় পরিবারের ১৮ বছর বয়সী বড় ছেলে অয়ন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় তদন্ত চালাচ্ছে ইতালি পুলিশ। তারা কয়েকটি ক্লুও পেয়েছে এবং এক বাংলাদেশি নাগরিককে খুঁজছে। যার সঙ্গে হতাহতদের সম্পর্ক রয়েছে।
রোমের কাসালোত্তি এলাকার অরেলিও জেলার ভিয়া মন্তিলিওতে একটি অ্যাপার্টমেন্টে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অয়নকে পলিক্লিনিকো জেমেলি হাসপাতালে নেওয়া হয়েছে। তার শরীরে একাধিক আঘাত থাকলেও প্রাণশঙ্কা নেই বলে জানা গেছে।
ঘটনার তদন্ত করছে রোম পুলিশ সদর দফতরের মোবাইল স্কোয়াডের হোমিসাইড শাখা। তদন্তকারীরা পরিবারের পরিচিতজনদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। প্রতিবেশী, স্বজন ও বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া সিসিটিভি ফুটেজ এবং নিহতদের মোবাইল ফোনও পরীক্ষা করা হচ্ছে। তদন্তকারীদের ধারণা, নিহতরা হয়তো নিজেরাই ঘাতককে বাসায় প্রবেশ করতে দিয়েছিলেন।
ঘটনাস্থলে ফরেনসিক তদন্তে দেয়ালে রক্তাক্ত হাতের ছাপ পাওয়া গেছে।
পুলিশ ও কারাবিনিয়েরি বাহিনী এক বাংলাদেশি নাগরিককে খুঁজছে, যিনি নিহতদের স্বদেশি এবং পরিবারের বন্ধু বলে জানিয়েছেন তদন্তকারীরা। সন্দেহ করা হচ্ছে, তিনি ধারালো চাপাতি দিয়ে তিনজনকে হত্যার পর পালিয়ে যান।
সন্দেহভাজন ব্যক্তি স্থানীয় একটি সুপারমার্কেটে কাজ করেন। একই সুপারমার্কেট চেইনে কর্মরত রয়েছেন হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া ১৮ বছর বয়সী ছেলেও।
তিনজনকে হত্যার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। তবে আর্থিক বিরোধের বিষয়টি উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। রোমের পাবলিক প্রসিকিউটরস অফিসের তত্ত্বাবধানে তদন্ত চালিয়ে যাচ্ছে রোম পুলিশ সদর দফতরের মোবাইল স্কোয়াডের হোমিসাইড শাখা।
সূত্র: ইল সোল ২৪ ওরে