৮ শতাধিক ড্রোন দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা, নিহত অন্তত ৬

রাশিয়ার অভ্যন্তরে রাতভর অন্তত ৮০০টিরও বেশি ড্রোন দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। চলতি বছরে রাশিয়ার ওপর চালানো ইউক্রেনের অন্যতম বড় এই বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে রুশ কর্তৃপক্ষ।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, এটি এ বছরের মধ্যে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। হামলার মূল লক্ষ্য ছিল মস্কো অঞ্চল, যেখানে রাশিয়ার অনেক শীর্ষ ধনকুবের ও প্রভাবশালী ব্যক্তি বসবাস করেন। মস্কোর গভর্নর আন্দ্রে ভোরোবিয়ভ জানিয়েছেন, তাদের বিমান প্রতিরক্ষা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট মস্কো অঞ্চলে ১৮৭টি ড্রোন গুলি করে ভূপাতিত ও অকার্যকর করেছে। মস্কো অঞ্চলে ড্রোনের আঘাতে ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

ড্রোন হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মস্কো অঞ্চলের ওয়াইল্ডবেরিজ নামের এক বিশাল গুদামে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এই প্রতিষ্ঠানটিকে রাশিয়ার আমাজন হিসেবে বিবেচনা করা হয়। ইউক্রেন সামরিক বাহিনীর দাবি, তারা ড্রোনের সাহায্যে প্রায় আড়াই লাখ বর্গমিটার আয়তনের এই গুদামটিতে আঘাত হেনেছে। কিয়েভের অভিযোগ, ওয়াইল্ডবেরিজ রুশ সামরিক বাহিনীর রসদ সরবরাহ সামলায়। সাম্প্রতিক মাসগুলোতে ওয়াইল্ডবেরিজের ১০টি বৃহত্তম লজিস্টিক সেন্টারের মধ্যে ৭টিতেই হামলা চালিয়েছে ইউক্রেন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মূলত দক্ষিণ ও পশ্চিম রাশিয়ার ১৭টি অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করা হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার গভর্নর। ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, রোস্তভে তারা একটি প্রতিরক্ষা-শিল্প কারখানায় আঘাত হেনেছে, যা রুশ অস্ত্রের জন্য সলিড রকেট প্রোপেল্যান্ট তৈরি করত।

অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে পাল্টা হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রবিবার ভোরের দিকে চালানো হামলায় ছয়জন আহত হয়েছেন। হামলার শিকার স্থানগুলোর মধ্যে কিয়েভের একটি বইয়ের বাজারও রয়েছে।

জেলেনস্কি আরও জানান, মধ্য ইউক্রেনের ক্রেমেনচুক ও ক্রিভি রিহ-তে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ক্রিভি রিহ-তে দুইজন এবং উত্তরের সুমি শহরে একজন নিহত হয়েছেন। ক্রিভি রিহ-র একটি ইস্পাত কারখানায় হামলায় ১৩ জন কর্মী আহত এবং একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে কারখানা পরিচালনাকারী প্রতিষ্ঠান আরসেলোর মিত্তাল।

সূত্র: সিএনএন