সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

কানাডীয় লেখক অ্যান কার্সনকে ২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। ধ্রুপদি ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপে সমকালীন সাহিত্যের জন্য নতুন রূপ সৃষ্টিকারী তার সাহসী ও উদ্ভাবনী সাহিত্যকর্মের জন্য তাকে এ সম্মান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৮ অক্টোবর) নোবেল কমিটির আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরষ্কার ঘোষণা করা হয়।

কার্সন তার পুরো কর্মজীবনজুড়ে কবিতা লেখার সঙ্গে অনুবাদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাকে যুক্ত রেখেছেন। তার প্রায় সব সাহিত্যকর্মের কেন্দ্রে রয়েছে শব্দের প্রতি ভাষাতত্ত্ববিদের আচ্ছন্নতা এবং নতুন অর্থের জন্য কবির আকাঙ্ক্ষার মিলনবিন্দু। তিনি নিজেই শব্দের ব্যুৎপত্তিকে তার সব কাজের সূচনাবিন্দু হিসেবে চিহ্নিত করেছেন।

এ বছরের নোবেলের মধ্যে এটি তৃতীয় ঘোষণা। এর আগে সোমবার চিকিৎসাবিজ্ঞানে, বুধবার রসায়নে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। কাল ঘোষণা করা হবে শান্তিতে নোবেল।

নোবেল কমিটির চেয়ারম্যান অ্যান্ডার্স ওলসন কারসনের সাহিত্যকর্মের মূল্যায়ন করেছেন। তার মতে, কারসনের লেখার মাধ্যমে কবিতা, প্রাচীন সাহিত্য, আধুনিক সাহিত্য ও বিভিন্ন শিল্পমাধ্যমের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হয়েছে।

১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোমে এক অনুষ্ঠানে সুইডেনের রাজা ষোড়শ কার্ল গুস্তাফ বিজয়ীদের হাতে নোবেল পদক তুলে দেবেন। এরপর স্টকহোম সিটি হলে আয়োজন করা হয় জমকালো ভোজসভার।

সূত্র: নোবেল প্রাইজ কমিটি