ন্যাটো ও ইউরোপকে বিভক্ত করতে চায় রাশিয়া

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় আলোচনায় শান্তি চুক্তির বদলে ইউরোপের স্নায়ুযুদ্ধ-পরবর্তী নিরাপত্তা কাঠামো ভেঙে ফেলার মতো দাবি তুলেছে রাশিয়া। ফাঁস হওয়া নথির বরাতে দ্য নিউ ইয়র্ক টাইমস ও দ্য ইকোনমিস্ট জানিয়েছে, মস্কো মধ্য ও পূর্ব ইউরোপ থেকে ন্যাটোর সেনা প্রত্যাহার, জোটের সম্প্রসারণ নিষিদ্ধ এবং ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পৃথক অনাক্রমণ চুক্তির দাবি জানিয়েছে।

আবুধাবি আলোচনার পর রুশ আলোচক আলেক্সি দ্রোবিনিন এক সংবাদ সম্মেলনে বলেন, ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে পৃথকভাবে এ ধরনের চুক্তি হতে পারে, যার বিনিময়ে তারা মস্কোর কাছ থেকে বাড়তি নিরাপত্তা নিশ্চয়তা পাবে।

তবে বিশ্লেষকদের মতে, এমন চুক্তি ন্যাটোর ৩২ সদস্যের যৌথ প্রতিরক্ষা নীতিকে অকার্যকর করে দেবে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের প্রতিবাদে পদত্যাগ করা সাবেক রুশ কূটনীতিক বরিস বন্দারেভ বলেন, ন্যাটো ভেঙে পড়বে এবং ইউরোপীয় দেশগুলো আলাদাভাবে রাশিয়ার মুখোমুখি হবে।

তিনি আরও বলেন, আত্মরক্ষায় একটি গুলিও না ছুড়ে, একজন সেনা বা একটি গোলাও না হারিয়ে ইউরোপ রাশিয়ার কাছে আত্মসমর্পণ করবে। এ ধরনের পৃথক চুক্তি ইউরোপ ও ন্যাটোর ঐক্য ধ্বংস করার একটি নির্লজ্জ প্রচেষ্টা।

রাশিয়া তাদের এই দাবি ইউরোপীয় নেতাদের বদলে মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের কাছে তুলে ধরেছে। কিয়েভের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মারিয়া কুচেরেনকো বলেন, রুশরা আমেরিকানদের সঙ্গে কথা বলতে চায়, ইউরোপের সঙ্গে নয়। তাদের দাবিগুলো সবসময়ের মতোই চরমপন্থি এবং তারা নিরাপত্তার চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দেবে।

আলোচনা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেন, এই চুক্তিগুলো অত্যন্ত কঠিন ও জটিল এবং এটি খুবই আবেগপূর্ণ ও উত্তপ্ত একটি যুদ্ধ।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স-এ লিখেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিন্ন এক বাস্তবতায় বাস করেন। আমিও তার জন্য একটি ছবি আঁকতে পারি যেখানে আমি পুরো রাশিয়া দখল করে নিয়েছি, কিন্তু তা সত্য নয়।

পরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সবাই এ বিষয়ে খুব সতর্ক, কারণ কেউই শতভাগ বুঝতে পারছে না তারা কী চায়।

ইউক্রেনের শীর্ষ আলোচক দাভিদ আরাখামিয়া জানান, রুশরা কঠোর নির্দেশনা নিয়ে আসায় এবারের আলোচনা ছিল সবচেয়ে কঠিন।

বিশ্লেষকদের মতে, আলোচনা দীর্ঘায়িত করে রাশিয়া ইউরোপের রাজনৈতিক পরিবর্তনের অপেক্ষা করছে। ফ্রান্সে কট্টর ডানপন্থি নেতা মেরিন লে পেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেনে সহায়তা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন এবং জার্মানিতেও রুশপন্থি দল এএফডি জনমত জরিপে এগিয়ে রয়েছে।

কিয়েভভিত্তিক বিশ্লেষক আলেক্সি কুশ সতর্ক করে বলেন, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের যৌথ অবস্থান আমরা মোকাবিলা করতে পারব না এবং ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে কৌশলগত ভারসাম্য রক্ষার সুযোগও হারিয়ে যাবে।

সূত্র: আল জাজিরা