স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে মঙ্গলবার একদিনে প্রায় ২ হাজার অভিবাসী পৌঁছেছেন। দ্বীপপুঞ্জটিতে একদিনে অভিবাসী আগমনের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ রেকর্ড। স্প্যানিশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
স্পেনের সমুদ্র উদ্ধার সংস্থা জানিয়েছে, মঙ্গলবার ১৫টি আলাদা নৌকায় করে মোট ১ হাজার ৯৯০ জন অভিবাসী এসেছেন। অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজগুলো একের পর এক ছোট নৌকাকে ছোট দ্বীপ এল হিয়েরোতে নিয়ে আসে।
স্প্যানিশ রেডিও ‘কাদেনা সের’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যানারি দ্বীপপুঞ্জের আঞ্চলিক নেতা ফার্নান্দো ক্লাভিজো বলেন, দুঃখজনকভাবে, এটি একটি ঐতিহাসিক দিন। তিনি জানান, মঙ্গলবার আসা অভিবাসীদের মধ্যে প্রায় ১০০ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এদের মধ্যে চার দিন বয়সী একটি নবজাতকও রয়েছে, যে সমুদ্রযাত্রার সময় জন্ম নিয়েছে।
ক্লাভিজো বলেন, মঙ্গলবার আসা নৌকাগুলোর বেশিরভাগই সেনেগাল ও গাম্বিয়া থেকে ছেড়ে এসেছে। নৌযাত্রার পরিবেশ অনুকূলে ছিল এবং পূর্ণিমা থাকায় উন্নত ভবিষ্যতের আশায় থাকা এই মানুষগুলো আমাদের উপকূলে এসে পৌঁছেছেন।
দ্বীপপুঞ্জটির সবচেয়ে পশ্চিমে অবস্থিত এল হিয়েরোর জনসংখ্যা মাত্র ১২ হাজার। ক্লাভিজো জানান, দ্বীপটি এত বিপুল সংখ্যক মানুষের চাপ সামলাতে পারছে না, যাদের অনেকেই অত্যন্ত ক্লান্ত ও অসুস্থ অবস্থায় এসে পৌঁছেছেন।
সারা বছর মৃদু আবহাওয়ার কারণে ইউরোপীয়দের কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্যানারি দ্বীপপুঞ্জ বছরের পর বছর ধরে ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হয়ে উঠেছে। চলতি বছর এখন পর্যন্ত ২৬ হাজারের বেশি মানুষ ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন, যার অর্ধেকই এসেছেন নভেম্বর মাসে।