মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনে রাস্তা, ফুটপাত, বাসস্ট্যান্ডসহ সর্বত্র লাল রঙ ছিটিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। জান্তাবিরোধী কর্মসূচি চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতদের স্মরণ করতে গিয়ে এই অভিনব প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্যাপক ধরপাকড় এড়াতে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে রাস্তায় নামেন ইয়াঙ্গুনের বিক্ষোভকারীরা। শহরের রাস্তা, ফুটপাত ও বাসস্ট্যান্ডে লাল রঙ ছিটিয়ে দেন তারা। বিক্ষোভকারীরা বলেন, ‘রক্তের দাগ এখনও শুকায়নি।’
১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে জান্তা সরকার প্রতিষ্ঠার পর দুই মাস ধরে বিক্ষোভ চালিয়ে আসছে দেশটির জনগণ। অ্যাডভোকেসি গ্রুপ অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানায়, বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত প্রায় ৫৭০ জন মানুষ নিহত হয়েছেন। আটক করা হয়েছে সাড়ে তিন হাজারের কাছাকাছি।
বিক্ষোভ দমনে মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ দেশটিতে তথ্যের প্রবাহ বাধাগ্রস্ত করতে সর্বাত্মক পথ ব্যবহারের চেষ্টা করছে। তারা কঠোরভাবে ইন্টারনেট নিয়ন্ত্রণ করছে। বন্ধ করে দেওয়া হয়েছে ওয়্যারলেস ব্রডব্যান্ড সেবা। তবে সাংবাদিকসহ যারা সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকতে পেরেছেন, তারা শ্রমিকদের ধর্মঘটের ছবি পোস্ট করেছেন।
মান্দালয় শহরে প্রশাসনের বিরুদ্ধে মুখে গ্যাস মাস্ক পরে এ ধর্মঘটে অংশ নিয়েছেন শ্রমিকেরা। এদিকে জেনারেলদের দুর্নীতিপরায়ণ আখ্যা দিয়ে তাদের নির্দেশে বিক্ষোভে গুলি চালানো সেনা সদস্যদের উদ্দেশে বিক্ষোভকারীরা বলেন, ‘সামান্য বেতনের জন্য মানুষকে হত্যা করবেন না।’
স্থানীয় সংবাদমাধ্যম মিজিমা জানিয়েছে, প্রায় ৪০ জন তারকা, মডেল ও প্রভাবশালীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে জান্তা সরকার। মঙ্গলবার এক জনপ্রিয় কৌতুক অভিনেতাকে গ্রেফতার করা হয়।