পশ্চিমবঙ্গে প্রধান বিরোধীর আসনে ফিরলো বিজেপি, পিছিয়ে বাম-কংগ্রেস

উনিশের লোকসভার মতোই একুশের বিধানসভা ভোটে বাম-কংগ্রেসকে একটি আসনে না জিতিয়ে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকেই প্রধান বিরোধী দলের মর্যদায় বসিয়েছিল। এরপর একুশের ভোটের পর বেশ কয়েকটি উপনির্বাচনে ও পৌরভোটে ভালো ভোট পেয়ে বাম-কংগ্রেস জোট বিজেপিকে চ্যালেঞ্জ করে প্রধান বিরোধী হয়ে ওঠার চেষ্টায় ছিল। কিন্তু সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে ব্যাপক সহিংসতাকে উপেক্ষা করে আসন প্রাপ্তির নিরিখে বিজেপি ফের বাম-কংগ্রেসকে পিছনে ফেলে তৃণমূলের প্রধান বিরোধী হিসেবেই নিজেকে প্রমাণ করলো।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট শতাংশের নিরিখে সবচেয়ে এগিয়ে রয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ত্রিস্তর পঞ্চায়েতের আসনের হিসাব বলছে, ২ কোটি ৯ লাখ ৪২ হাজার ৩৮০ টি আসন দখল করে তৃণমূলের ভোট শতাংশ দাঁড়িয়েছে ৫১ দশমিক ১৪। এরপর রয়েছে বিজেপি। দলটি পেয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার ৫৪০টি আসন। ভোট শতাংশের নিরিখে তাদের ঝুলিতে রয়েছে ২২ দশমিক ৮৮ শতাংশ। এরপরই রয়েছে সিপিএম ও তারপর কংগ্রেস। কংগ্রেসের ভোট শতাংশ ৪ দশমিক ৮৪। কংগ্রেস পঞ্চায়েত ভোটে পেয়েছে ২৬ লাখ ২৭ হাজার ৭১৫ টি আসন। সিপিএম পেয়েছে ৫১ লাখ ৪১ হাজার ৪৪৬ টি আসন, ভোট শতাংশ ১২ দশমিক ৫৬। আর সিপিআই শূন্য দশমিক ১৪ শতাংশ পেয়ে আসন পেয়েছে ৫৫ হাজার ৪৪৮ টি।

জেলা পরিষদ সবকটি তৃণমূল পেলেও, জেলা পরিষদের আসনের নিরিখে দেখা যাচ্ছে তৃণমূল ৮৮০, বিজেপি ৩১, কংগ্রেস ১৩ আর সিপিএম মাত্র ২টি আসন পেয়েছে। তৃণমূল ৬২৪, বিজেপি ২৮, বাম ১১ আর কংগ্রেস মাত্র ২টি পঞ্চায়েত সমিতি দখল করতে পেরেছে। পঞ্চায়েত সমিতির আসন নিরিখে তৃণমূল ৬ হাজার ৬৫১, বিজেপি ১ হাজার ৩৮, কংগ্রেস ২৭৩ আর সিপিএম ২৭৩ আসন পেয়েছে। অপরদিকে, তৃণমূল ৩৫ হাজার ৬০৫, বিজেপি ৯ হাজার ৮৮৯, সিপিএম ৩ হাজার ১৪৮ আর কংগ্রেস ২ হাজার ১৬৪ টি আসন দখল করেছে।

ত্রিস্তরেই পঞ্চায়েত ভোটে পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বিজেপি সবক্ষেত্রেই বাম-কংগ্রেস জোটকে অনেক পেছনে ফেলে দিয়েছে। নির্বাচনের আগে পঞ্চায়েত নিয়ে বাম-কংগ্রেসে জোটকে নিয়ে ভালো ফলের যে আশা করেছিলেন আলিমুদ্দিনের কর্তারা, তাদের সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে।

বিজেপির শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ১০ হাজার আসনে ফল বদলে দিয়ে জোর করে বিজেপিকে হারানো হয়েছে।

পঞ্চায়েত ভোটের এই ফলাফলে এটা পরিষ্কার, চব্বিশের লোকসভা শাসকদল তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হিসেবে বাম-কংগ্রেস জোট নয়, বিজেপিই সামনে আসছে। আর তা হলে, উনিশ আর একুশের পর ভারতের চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ফের শূন্য হতে চলেছে বাম-কংগ্রেস জোট। যা আলিমুদ্দিনের কাছে এখন অশনি সংকেত।