মণিপুরে দুর্বৃত্তদের হামলায় পুলিশ কর্মকর্তা নিহত

ভারতের মণিপুরে দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার নিরাপত্তা বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। সরকারি সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনী ও দুর্বৃত্তদের মধ্যে সকাল থেকে গোলাগুলি চলছিল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে। 

মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১১০ কিলোমিটার দূরে সীমান্ত শহর মোরেহেতে এই ঘটনা ঘটেছে। মোরেহ ভারত-মিয়ানমার সীমান্তের গুরুত্বপূর্ণ বাণিজ্য শহর।

পুলিশ জানিয়েছে, নিহত ওই কর্মকর্তার নাম ওয়াংখেম সোমরজিৎ এবং তিনি একজন আইআরবি কর্মী। তিনি মোরেহে রাজ্য পুলিশ কমান্ডোর সঙ্গে যুক্ত ছিলেন। মোরেহ শহরের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে দৃবৃর্ত্তদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। মোরেহের কাছে নিরাপত্তা বাহিনীর একটি পোস্টে তারা গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ। এরপর হামলাকারীদের লক্ষ্য করে পালটা গুলি চালায় পুলিশ।

এক পুলিশ কর্মকর্তাকে  হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই আদিবাসীকে গ্রেফতার করার ৪৮ ঘণ্টার মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটলো। কুকি গোষ্ঠীগুলোর ব্যাপক বিক্ষোভের মধ্যেই নতুন করে এই সহিংসতা শুরু হয়।

কুকি জনগোষ্ঠীর দাবি, মোরেহ থেকে রাজ্য পুলিশ সরিয়ে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। তাদের অভিযোগ পুলিশ বেসামরিকদের ওপর হামলা করেছে।

এর আগে মণিপুর সরকার ১৬ জানুয়ারি মঙ্গলবার বেলা ১২টা থেকে সংঘাত এড়াতে কারফিউ জারি করে।