আগামী মাস থেকে দিল্লি ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির মধ্যকার সেবা বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। সংস্থাটি জানিয়েছে, তাদের বেশ কয়েকটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানে নতুন ইঞ্জিন সিস্টেম, আধুনিক আসন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা বা নতুন প্রযুক্তি যুক্ত করার সেগুলো আর চলাচলের উপযোগী থাকবে না।
এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান আহমেদাবাদে উড্ডয়নের মুহূর্তে বিধ্বস্ত হওয়ার দুই মাস পর, এই ঘোষণা এল।
১২ জুনের ওই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪২ জন যাত্রী ও ক্রুর মধ্যে কেবল একজন বেঁচে যান। ভূমিতে থাকা প্রায় বিশজনও নিহত হন।
সংস্থাটি বলেছে, ১ সেপ্টেম্বর থেকে স্থগিতাদেশ কার্যকর হবে যাতে ‘পুরো রুট নেটওয়ার্কের নির্ভরযোগ্যতা ও অখণ্ডতা’ নিশ্চিত করা যায়।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, ‘গত মাস থেকে ২৬টি বোয়িং ৭৮৭-৮ বিমানে নতুন ইঞ্জিন সিস্টেম, আধুনিক আসন, উন্নত নিরাপত্তা ব্যবস্থা বা নতুন প্রযুক্তি যুক্ত করার কাজ শুরু হয়েছে। বিমান আধুনিকীকরণের এই কাজ ২০২৬ সালের শেষ পর্যন্ত চলবে।’
এছাড়া পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকাও সংস্থার দীর্ঘপাল্লার ফ্লাইটকে প্রভাবিত করছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘পাকিস্তানের আকাশসীমা দীর্ঘমেয়াদে বন্ধ থাকায় বিমান সংস্থার দীর্ঘপাল্লার কার্যক্রম প্রভাবিত হচ্ছে, যা দীর্ঘ রুট এবং অপারেশনাল জটিলতা বাড়াচ্ছে।’
যেসব যাত্রী ১ সেপ্টেম্বরের পর ওয়াশিংটন ডিসি থেকে বা গন্তব্যে এয়ার ইন্ডিয়ার টিকিট বুক করেছেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং বিকল্প ভ্রমণ ব্যবস্থা দেওয়া হবে। এর মধ্যে রয়েছে যাত্রীদের পছন্দ অনুযায়ী, অন্য ফ্লাইটে পুনরায় বুকিং বা পূর্ণ অর্থ ফেরত।
তবে যাত্রীরা এখনও এক স্টপের ফ্লাইটে ওয়াশিংটন ডিসি যেতে পারবেন; যুক্তরাষ্ট্রের চারটি প্রবেশদ্বার—নিউ ইয়র্ক (জেএফকে), নিউয়ার্ক (ইইডব্লিউআর), শিকাগো ও সান ফ্রান্সিসকো—এয়ার ইন্ডিয়ার আন্তঃলাইন অংশীদার আলাস্কা এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইনস এবং ডেল্টা এয়ার লাইন্সের সঙ্গে।
এয়ার ইন্ডিয়া বলেছে, এর ফলে যাত্রীরা একই যাত্রাপথে ভ্রমণ করতে পারবেন এবং তাঁদের লাগেজ চূড়ান্ত গন্তব্য পর্যন্ত চেক-ইন হয়ে যাবে।
সংস্থাটি আরও জানিয়েছে, এয়ার ইন্ডিয়া কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভারসহ উত্তর আমেরিকার ছয়টি গন্তব্যে ভারত থেকে নন-স্টপ ফ্লাইট চালু রাখবে।
এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার বহরের—২৬টি পুরনো ৭৮৭-৮ এবং সাতটি ৭৮৭-৯—জ্বালানি সুইচসহ অন্যান্য পরীক্ষা সম্পন্ন হয়েছে প্রাণঘাতী দুর্ঘটনার পর।
রবিবার টাটা গ্রুপের মালিকানাধীন এই সংস্থা জানিয়েছে, ডিসেম্বর ২০২২-এ ঘোষণা দেওয়া ৪০০ মিলিয়ন ডলারের বহর আধুনিকীকরণ কর্মসূচির আওতায় প্রথম পুরনো ড্রিমলাইনারের কাজ এখন শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি