অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত

খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ভারতের মহারাষ্ট্র রাজ্যের চারটি ডমিনোস পিৎজা আউটলেটের ব্যবসা করার লাইসেন্স স্থগিত করেছে রাজ্যটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এদের মধ্যে তিনটি আউটলেটই রাজধানী মুম্বাইয়ের। জুবিল্যান্ট ফুডওয়ার্কস পরিচালিত এসব আউটলেটে বিশেষ পরিদর্শনের পর বুধবার এ ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংস্থাটি।

এফডিএর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুম্বাইয়ের লাইসেন্স স্থগিত হওয়া তিনটি ডমিনোস আউটলেট হলো- পার্লে (ওয়েস্ট), বরিবালি (ওয়েস্ট) এবং ঘাটকোপারের আর-সিটি মল (ওয়েস্ট)। এ ছাড়া সাতারা জেলার কারাদের মালকাপুর এলাকার একটি ডমিনোস আউটলেটের লাইসেন্সও স্থগিত করা হয়েছে। গত ১০ জুলাই থেকে ১১ আগস্টের মধ্যে পরিচালিত এক বিশেষ পরিদর্শন অভিযানে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়।

একই অভিযানে সাতারা জেলার কারাদে সেফায়ার ফুডস ইন্ডিয়া লিমিটেডের একটি আউটলেটের লাইসেন্সও স্থগিত করেছে খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ। এর ফলে রাজ্যটিতে বড় ফাস্টফুড চেইনের লাইসেন্স স্থগিত হওয়া মোট আউটলেটের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে। উল্লেখ্য সেফায়ার ফুডস ভারতে কেএফসি, পিৎজা হাট এবং ট্যাকো বেলের মতো জনপ্রিয় ফাস্টফুড চেইন পরিচালনা করে।

এফডিএ জানায়, ডমিনোসের আউটলেটগুলোতে খাবার সংরক্ষণ, পরিচ্ছন্নতা, পোকা-মাকড় নিয়ন্ত্রণ, তাপমাত্রা পর্যবেক্ষণ, এলাকা জীবাণুমুক্তকরণ, খাবার পরীক্ষা এবং খাদ্য সুরক্ষার রেকর্ড বজায় রাখার ক্ষেত্রে গুরুতর ঘাটতি পাওয়া গেছে।

পার্লে আউটলেটে পানীয় জল, বরফ করা খাবারের তাপমাত্রা পর্যবেক্ষণ এবং হাত ধোয়ার ব্যবস্থার ঘাটতি চিহ্নিত করা হয়েছে। ঘাটকোপারের আর-সিটি মল আউটলেটে পোকা-মাকড় নিয়ন্ত্রণ সংক্রান্ত ফাইল, ব্যবহৃত পাত্রের ফুড-গ্রেড সনদ এবং খাবার-পানির পরীক্ষার নথিতে ঘাটতি ধরা পড়ে। এছাড়া সাতারার মালকাপুর আউটলেটেও অবকাঠামো, সরঞ্জাম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব দেখা গেছে।

অন্যদিকে কারাদে অবস্থিত সেফায়ার ফুডসের আউটলেটটিতে নিরামিষ বা  ভেজিটেরিয়ান ও আমিষ বা নন-ভেজিটেরিয়ান পিৎজা তৈরির ক্ষেত্রে বড় ধরনের অনিয়ম পাওয়া গেছে। সেখানে দুটি পিৎজার জন্য আলাদা ওভেন বা পৃথকীকরণের সঠিক ব্যবস্থা ছিল না। পাশাপাশি সস ও ট্রপিংয়ের গায়ে মোড়কীকরণের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখের স্পষ্ট তথ্যের অভাব ছিল।

মহারাষ্ট্রজুড়ে চালানো খাদ্য নিরাপত্তা জোরদার অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এ ধরনের নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে এবং খাদ্য নিরাপত্তা নীতি ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: এনডিটিভি