অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস কিনে পেলেন গোবর

অনলাইনে ১ হাজার ৯৯৯ রুপির অ্যান্ড্রয়েড ডিভাইস কিনেছিলেন ভারতের গ্রেটার নয়ডার বাসিন্দা আকাশ নাগার। প্রতিশ্রুত সময়েই কুরিয়ারে পার্সেলও পৌঁছায় তার বাড়িতে। কিন্তু প্যাকেট খুলতেই হতবাক তিনি- ভেতরে ডিভাইসের বদলে পাওয়া গেল গোবরের সার!

গ্রেটার নয়ডার দানকৌর থানা এলাকার বাসিন্দা আকাশ জানান, কয়েক দিন আগে কাজের জন্য একটি অনলাইন ওয়েবসাইট থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসটি অর্ডার করেন তিনি। অর্ডারের সময় পুরো অর্থই অনলাইনে পরিশোধ করেছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে ডিভাইসটি নিরাপদে পৌঁছে যাবে বলেই আশা করেছিলেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুরিয়ারের মাধ্যমে পার্সেলটি তার বাড়িতে পৌঁছায়। এরপর প্যাকেট খুলে ভেতরে ইলেকট্রনিক ডিভাইসের পরিবর্তে গোবরের সার দেখতে পান আকাশ।

অনলাইনে কেনাকাটার নামে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান আকাশ।

আকাশ নাগার বলেন, আমি ১ হাজার ৯৯৯ রুপির একটি ডিভাইস অর্ডার করেছিলাম। কিন্তু পরিবর্তে গোবরের সারের প্যাকেট পেয়েছি। এ ঘটনায় সাইবার ক্রাইম পুলিশের কাছেও অভিযোগ করেছেন বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। যে ওয়েবসাইটের মাধ্যমে ডিভাইসটি অর্ডার করা হয়েছিল, সেটির তথ্য, অর্থ পরিশোধের লেনদেন এবং কুরিয়ার ডেলিভারি চেইন যাচাই করা হচ্ছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, কেনাকাটার আগে যাচাই করা কোম্পানি ও অফিসিয়াল ওয়েবসাইট থেকে পণ্য কেনা উচিত। অনিবন্ধিত তৃতীয় পক্ষের বিক্রেতা এড়িয়ে চলার পাশাপাশি অর্থ পরিশোধের নিরাপত্তা এবং বিক্রেতার তথ্যও ভালোভাবে যাচাই করা প্রয়োজন। 

সূত্র: এনডিটিভি