‘এমন অনন্য উপস্থিতি খুব কম অভিনেতারই ছিল’, নানা পাটেকারের মৃত্যুতে শোক মোদির

বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তিনি পাটেকারের পরিবার, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গোয়ার নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ৭৫ বছর বয়সী এই অভিনেতা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নানা পাটেকারের বহুমুখী প্রতিভা, সৃজনশীলতা ও স্মরণীয় চরিত্রগুলোর কথা স্মরণ করেন মোদি। অভিনেতার স্পষ্ট ও অকপট মতামতেরও প্রশংসা করেন তিনি।

মোদি লিখেছেন, নানা পাটেকারের মতো তীব্রতা, স্বাতন্ত্র্য ও অনন্য উপস্থিতি খুব কম অভিনেতার মধ্যেই ছিল। প্রতিটি চরিত্রে তিনি অসাধারণ বৈচিত্র্য ও সৃজনশীলতা নিয়ে আসতেন এবং এমন সব চরিত্র উপহার দিয়েছেন, যেগুলো প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে। নিজের বিশ্বাসের কথা বলতে কখনও দ্বিধা করতেন না বলেও উল্লেখ করেন মোদি।

হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নানা পাটেকারের অবদানের কথা তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যু চলচ্চিত্র জগতে গভীর শূন্যতা তৈরি করেছে। এ সময় তার পরিবার, বন্ধু ও অসংখ্য ভক্তের প্রতি সমবেদনা জানান তিনি।

ভারতের গোয়ার ডোনা পাউলায় নিজ বাড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকারকে। পরে তাকে মণিপাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। হৃদ্স্পন্দন বা শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেলে জরুরি অবস্থায় কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়া হয়েছিল অভিনেতাকে।

মণিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার সংবাদ সংস্থা এএনআইকে বলেন, টানা ৪৫ মিনিট সিপিআর দেওয়ার পরও নানা পাটেকারকে বাঁচানো সম্ভব হয়নি।