‘ভারতে অঘোষিত জরুরি অবস্থা চলছে’, সরকারকে ওয়াংচুকের হুঁশিয়ারি

ভারতে অঘোষিত জরুরি অবস্থা চলছে বলে মন্তব্য করেছেন জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে আটক নেতাদের মুক্তি দেওয়া না হলে অনশন অথবা পদযাত্রা কর্মসূচি বিবেচনা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াংচুক বলেন, ‘ভারত অঘোষিত জরুরি অবস্থার মধ্যে রয়েছে’। সিজেপির অভিজিৎ দিপকেসহ অন্যদের গণহারে আটকেরও নিন্দা জানান তিনি।

ওয়াংচুক বলেন, ‘আগামীকালের মধ্যে তাদের মুক্তি দেওয়া না হলে আমাকে অনশন অথবা পদযাত্রার কথা বিবেচনা করতে হবে’।

নির্বাচনি অনিয়ম এবং নির্বাচন কমিশনের সঙ্গে ক্ষমতাসীন বিজেপির ‘যোগসাজশের’ অভিযোগ তুলে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করতে চেয়েছিলেন সিজেপি ও বিরোধী নেতারা। তবে তাদের সেখানে বিক্ষোভ করতে দেওয়া হয়নি।

ওয়াংচুক বলেন, আন্দোলনে নেতৃত্ব দেওয়ার মতো অনেক নেতা থাকায় তিনি খুশি হয়েছিলেন। কিন্তু এখন জানতে পেরেছেন, তাদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

গত ১০ অক্টোবরের বিক্ষোভে অংশ না নেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছেন ওয়াংচুক। তিনি বলেন, আগের দিন বিক্ষোভে ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে বার্তা দেওয়ার সময় তিনি কল্পনাও করেননি যে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।

পোস্টে ওয়াংচুক উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের একটি বিখ্যাত শের সামান্য পরিবর্তন করে উদ্ধৃত করেন। এর অর্থ, রাজনীতি ছাড়াও পৃথিবীতে আরও দুঃখ রয়েছে; প্রিয়জনের মিলন ছাড়াও রয়েছে অন্য স্বস্তি।

এর আগে জুলাইয়ের বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ওয়াংচুক। ২১ দিন অনশন করার পর তাকে আটক করা হয়। এরপর ২০ জুলাই বড় আকারের পদযাত্রা হয়। শেষ পর্যন্ত ২৫ জুলাই বিজেপির জ্যেষ্ঠ নেতা ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। হাসপাতালে থাকা ওয়াংচুক ২৩ জুলাই অনশন শেষ করেন।