বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ১০ অক্টোবর (শনিবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
৭.৭ মাত্রার শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠলো পানামা, সুনামি সতর্কতা জারি; ‘ইরান যুদ্ধ, জ্বালানির দাম বাড়ার জন্য ট্রাম্প দায়ি’; ফ্লোরিডায় আঘাত হানলো হারিকেন ইসাইয়াস, জরুরি অবস্থা ঘোষণা; এবার দিল্লির বিমানবন্দরে আটক ককরোচ প্রধান অভিজিৎ দিপকে; দিল্লিতে ধরপাকড়: কেজরিওয়াল-মমতাসহ চার সাবেক মুখ্যমন্ত্রী আটক; তিন হাজার মানুষকে আটকের পর বিজেপি বলছে ‘জনগণের জয়’- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন।
৭.৭ মাত্রার শক্তিশালী ভূকম্পনে কেঁপে উঠলো পানামা, সুনামি সতর্কতা জারি
মধ্য আমেরিকার দেশ পানামায় আঘাত হেনেছে শক্তিশালী ৭.৭ মাত্রার ভূকম্পন। শুক্রবারের (৯ অক্টোবর) এই ভয়াবহ ভূমিকম্পের পর দেশটির রাজধানীজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে হাজার হাজার মানুষকে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসতে দেখা যায়। ভূকম্পনের পরপরই পূর্ব প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে মারাত্মক সুনামির পূর্বাভাস ও সতর্কতা জারি করেছে মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গ্রিনিচ মান সময় ৫টা ৫৬ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পানামার দক্ষিণ-মধ্যাঞ্চলের ছোট শহর পিতালোজা আররিবা থেকে ১০ কিলোমিটার দূরে। প্রথমদিকে এর মাত্রা ৮.০ নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা ৭ দশমিক ৭ হিসেবে নিশ্চিত করা হয়।
‘ইরান যুদ্ধ, জ্বালানির দাম বাড়ার জন্য ট্রাম্প দায়ি’
জ্বালানির ক্রমবর্ধমান দাম এবং রুশ ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির ডেমোক্র্যাটরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। কমিটির ডেমোক্র্যাট সদস্যদের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে কমিটির শীর্ষ ডেমোক্র্যাট প্রতিনিধি গ্রেগরি মিকস পেট্রল ও ডিজেলের দাম বাড়ার জন্য ইরান যুদ্ধকে দায়ী করেন। তিনি বলেন, তার বিপর্যয়কর ইরান যুদ্ধ গ্যাস ও ডিজেলের দাম আকাশচুম্বী করেছে এবং আমেরিকানরা এর মূল্য দিচ্ছেন।
ফ্লোরিডায় আঘাত হানলো হারিকেন ইসাইয়াস, জরুরি অবস্থা ঘোষণা
২০২৬ সালের প্রথম আটলান্টিক হারিকেন হিসেবে উত্তর মেক্সিকো উপসাগর থেকে শুক্রবার সন্ধ্যায় ফ্লোরিডার ডেস্টিনের কাছে স্থলভাগে আঘাত হেনেছে ইসাইয়াস। মায়ামির ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে ক্যাটাগরি-২ হারিকেন হিসেবে ঘূর্ণিঝড়টির কেন্দ্র স্থলভাগে পৌঁছায়। তখন বাতাসের গতি ছিল ঘণ্টায় ১০৫ মাইল। এর আগে শুক্রবারই ক্যাটাগরি-৩ এর বড় হারিকেন হিসেবে সর্বোচ্চ শক্তিতে পৌঁছেছিল ইসাইয়াস। পূর্বাভাসকারীরা ধারণা করছিলেন, বাতাসের গতির পরিবর্তনের কারণে তা দুর্বল হয়ে পড়বে।
এবার দিল্লির বিমানবন্দরে আটক ককরোচ প্রধান অভিজিৎ দিপকে
শনিবার সকালে কক্ষরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে যে বিমানে দিল্লিতে নামেন, সেটির ভেতরে ঢুকে পড়ে দিল্লি পুলিশের একটি দল। যন্তর মন্তরে সিজেপির পরিকল্পিত বিক্ষোভের আগে বিমানের ভেতরেই নাটকীয় পরিস্থিতির মধ্যে তাকে আটক করা হয়। পুলিশ বিমানে ঢোকার সময় দিপকে নিজের ইনস্টাগ্রামে লাইভ করেন। তিনি যে ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়, দিপকের সঙ্গে সিজেপির অন্য সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও বিমান থেকেই আটক করা হচ্ছে।
দিল্লিতে ধরপাকড়: কেজরিওয়াল-মমতাসহ চার সাবেক মুখ্যমন্ত্রী আটক
ভোটার তালিকা কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) ডাকা বিক্ষোভের আগে দিল্লিতে তীব্র পুলিশি পদক্ষেপ ও অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিক্ষোভে যোগ দিতে আসার পর থেকে একে একে চারজন সাবেক মুখ্যমন্ত্রীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দিল্লিতে চলমান এই ধরপাকড়ের মধ্যে এখন পর্যন্ত অন্তত চারজন সাবেক মুখ্যমন্ত্রীকে আটক করা হয়েছে। তারা হলেন- অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়, পিনারাই বিজয়ন এবং মানিক সরকার।
তিন হাজার মানুষকে আটকের পর বিজেপি বলছে ‘জনগণের জয়’
ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ও বিরোধীদের ডাকা আন্দোলন রুখে দিতে দিল্লিজুড়ে চালানো ব্যাপক পুলিশি ধরপাকড়কে সাধুবাদ জানিয়েছে ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলটি এটিকে ‘জনগণের জয়’ হিসেবে উল্লেখ করেছে। শনিবার (১০ অক্টোবর) দলের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজেপি মুখপাত্র রবিশঙ্কর প্রসাদ এই মন্তব্য করেন। এ সময় তিনি বিরোধীদের, বিশেষ করে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের সাম্প্রতিক আন্দোলনের তীব্র সমালোচনা করেন।