ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ কর্মসূচির আগে আটক জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে রাতে মুক্তি দিয়েছে পুলিশ। শনিবার রাতে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন দিল্লি পুলিশের এক কর্মকর্তা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
শনিবার গুরুগ্রামের সেক্টর ৫৬-এ নিজের বাসা থেকে ধ্রুব রাঠিকে আটক করা হয়। ওই দিন যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করেছিল পুলিশ।
ভোটার তালিকা সংশোধন কার্যক্রমের অংশ হিসেবে বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কথিত অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি।
বিক্ষোভকারীরা যাতে যন্তর মন্তরে পৌঁছাতে না পারেন, সে জন্য রাজধানীজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এ পরিস্থিতিতে আটক করা হয়েছিল ধ্রুব রাঠিকে।