ভারতের ত্রিপুরা রাজ্যের বক্সানগর এলাকার আশাবাড়িতে একদল পাচারকারী ভারতের সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)-এর তিন সদস্যের ওপর হামলা চালিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।
সোমবার (২ নভেম্বর) সকালে এই হামলার ঘটনা ঘটে। ভারতের বার্তা সংস্থা এএনআই-এর সূত্রমতে, একদল দুষ্কৃতকারী বিএসএফ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। আহত জোয়ানদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং একটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিরাপত্তা বাহিনীর ওপর এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যেকোনও ধরনের সহিংসতা একেবারেই গ্রহণযোগ্য নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আশাবাড়িতে একদল দুষ্কৃতকারী কর্তৃক আমাদের সাহসী বিএসএফ সদস্যদের ওপর নির্মম হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এ জাতীয় সহিংস কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং তা স্পষ্টত নিন্দার যোগ্য। নিরাপত্তা কর্মীদের ওপর যেকোনও হামলা অত্যন্ত উদ্বেগের বিষয় এবং আইন অনুযায়ী এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া নিশ্চিত করতে হবে’।
অনতিবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি আরও যোগ করেন, দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তা কর্মীরা সর্বোচ্চ সম্মান ও সুরক্ষা পাওয়ার যোগ্য।
এ ঘটনায় বর্তমানে আরও বিস্তারিত তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র: উইয়ন নিউজ