ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্টতার বা ‘গুপ্তচর’ অভিযোগে কেরালায় ২৭ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, মুম্বাইয়ে চলচ্চিত্র তারকাদের ছবি তুলে সেগুলো গ্যাংয়ের সন্দেহভাজন সদস্যদের কাছে পাঠাতেন তিনি। পাশাপাশি তারকাদের গতিবিধির ওপর নজরদারি করে সেই তথ্য বিদেশে অবস্থানরত গ্যাং সদস্যদের সরবরাহ করতেন। বিনিময়ে তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে অর্থ পাঠানো হতো বলে জানিয়েছে পুলিশ। শনিবার ভারতের বার্তা সংস্থা পিটিআই পুলিশের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
গ্রেফতার যুবকের নাম গুরুমূর্তি। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা। বৃহস্পতিবার রাতে পালাক্কাদ জেলার ওট্টাপালাম এলাকা থেকে ত্রিশুর সিটি পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। গত কয়েক মাস ধরে ওই এলাকায় একটি দুধের বুথে কাজ করছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, ওট্টাপালামে যাওয়ার আগে মহারাষ্ট্রের নাভি মুম্বাইয়ের ভারত খণ্ডিভেল্লি ওয়েস্ট এলাকায় বসবাস করতেন গুরুমূর্তি।
বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কেরালায় আত্মগোপনে রয়েছেন- এমন গোয়েন্দা তথ্য পাওয়ার পর বৃহস্পতিবার ত্রিশুর ইস্ট থানায় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ১৮ ধারায় মামলা করা হয়েছে। এই ধারায় সন্ত্রাসী কর্মকাণ্ডে ষড়যন্ত্র, চেষ্টা কিংবা সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশের ভাষ্য, গ্যাংটি একাধিক হত্যা ও চাঁদাবাজির ঘটনায় জড়িত এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
তদন্তে জানা যায়, মুম্বাইয়ে ফটোগ্রাফার হিসেবে কাজ করার সময় চলচ্চিত্র তারকাদের ছবি তুলতেন গুরুমূর্তি। একই সঙ্গে তাদের চলাফেরার ওপর নজর রাখতেন। পরে এসব ছবি ও গতিবিধির তথ্য বিদেশে অবস্থানরত বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের কাছে পাঠাতেন বলে অভিযোগ রয়েছে।
শুক্রবার আদালত গুরুমূর্তিকে পুলিশি হেফাজতে রাখার অনুমতি দিয়েছেন। তদন্তকারীরা তাকে তামিলনাড়ুর উদুমালপেটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। সেখানে তার স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন তারা। এদিকে তদন্তে সহায়তার জন্য কেরালা অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের সহযোগিতা চেয়েছে পুলিশ। গ্রেফতারের বিষয়ে কেন্দ্রীয় সংস্থাগুলোকেও তথ্য জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সূত্র: ইন্ডিয়া টুডে