বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিম’ শীর্ষক প্রকাশনাটির ২০২৭ সালের সংস্করণে প্রথমবারের মতো শীর্ষস্থান ভাগাভাগি করেছেন পাঁচ নেতা। তারা সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের।
তালিকার শীর্ষে যৌথভাবে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয্যেপ এরদোয়ান।
প্রকাশনাটির ১৮ বছরের ইতিহাসে এবারই প্রথম পাঁচজন যৌথভাবে প্রথম স্থান পেয়েছেন। আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা এবং সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে কৌশলগত সম্পর্কের ক্রমবর্ধমান গুরুত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের এই অবস্থান দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তালিকার শীর্ষস্থানগুলোর মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি। পঞ্চম স্থানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ষষ্ঠ স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
ধর্মীয় ব্যক্তিত্বদের মধ্যে পাকিস্তানের মুফতি মুহাম্মদ তাকি উসমানি সপ্তম এবং ইয়েমেনের ধর্মীয় নেতা আল-হাবিব উমর বিন হাফিজ অষ্টম স্থানে রয়েছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম রয়েছেন ১৩তম স্থানে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ১৬তম এবং দেশটির নাহদলাতুল উলামার চেয়ারম্যান ইয়াহইয়া চোলিল স্তাকুফ ২১তম স্থানে রয়েছেন।
এবারের প্রকাশনায় ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের গাজার শিশু চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়া। তিনি উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ছিলেন। যুদ্ধের মধ্যে রোগীদের সেবা অব্যাহত রাখা এবং ইসরায়েলি বাহিনীর হাতে আটক থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। সামগ্রিক তালিকায় তার অবস্থান ৫০তম।
অন্যদিকে, ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ইরানের মিনাবের শাজারে তাইয়্যেবা প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারির হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি। জাতিসংঘের মানবাধিকার পরিষদে ওই ঘটনার বিষয়ে কথা বলাসহ তার ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২২০ কোটি ধরে তালিকাটি তৈরি করা হয়েছে। শীর্ষ ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে ১৩টি বিভাগে উপস্থাপন করা হয়েছে। এসব বিভাগের মধ্যে রয়েছে ধর্মীয় শিক্ষা, রাজনীতি, ধর্মীয় প্রশাসন, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, গণমাধ্যম, শিল্প-সংস্কৃতি এবং সামাজিক বিষয়।
ব্যক্তিদের প্রভাব নির্ধারণে তাদের ধর্মীয় জ্ঞান, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সম্পৃক্ততা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অর্থনৈতিক ক্ষমতার মতো বিষয় বিবেচনা করা হয়েছে। বিশেষজ্ঞদের মূল্যায়ন, জনসাধারণের মনোনয়ন এবং বিভিন্ন সামাজিক সূচকের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে। এক বছরের অর্জনের চেয়ে ব্যক্তির দীর্ঘমেয়াদি অবদানকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে প্রকাশনাটির সম্পাদকীয় ভূমিকায় জানানো হয়েছে। তালিকায় অন্তর্ভুক্তি কোনও ব্যক্তির মতামত বা কর্মকাণ্ডের প্রতি সমর্থন বোঝায় না বলেও জানিয়েছে প্রকাশনাটি।
সূত্র: দ্য মুসলিম ৫০০
এবার যৌথ অস্ত্র উৎপাদনে আগ্রহী তুরস্ক ও সৌদি আরব
জাকির নায়েকের সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরও পাঁচ বছর বাড়লো