যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহীদের অভিযানের মুখে পিছু হটছে সিরীয় বাহিনী

 যুক্তরাষ্ট্র সমর্থিত ও কুর্দিদের নেতৃত্বাধীন সিরীয় বিদ্রোহী গোষ্ঠী সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) রুশ সমর্থিত সিরিয়ার সরকারিবাহিনীর কাছ থেকে কয়েকটি গ্রাম পুনর্দখলের দাবি করেছে। শনিবার ইরাক সীমান্তের কাছে ইউফ্রেটিস নদীর পূর্বে তেল সমৃদ্ধ এলাকার ওই গ্রামগুলো থেকে সিরীয় বাহিনীকে হঠিয়ে দেওয়ার হয়েছে জানিয়েছে কুর্দিদের নেতৃত্বাধীন এসডিএফ।  

KurdishSDF

সিরিয়ার সরকারি টিভিতে জানানো হয়েছিল, শনিবার সকালেই গ্রামগুলো কুর্দিদের কাছ থেকে দখল করে আসাদ বাহিনী। জবাবে পাল্টা হামলা চালিয়েছে কুর্দিদের গেরিলা  সংগঠন ওয়াইপিজির নেতৃত্বাধীন এসডিএফ। ইউফ্রেটিস নদীর কাছে অবস্থিত জেনিন নামের গ্রামটির কাছে প্রবল সংঘর্ষ  হয়েছে দুই পক্ষের।

এসডিএফ দাবি করেছে, ইসলামিক স্টেটের দখলে থাকা কিছু বিচ্ছিন্ন এলাকা পুনর্দখলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের অভিযান প্রস্তুতি বানচাল করতেই সিরীয় বাহিনী হামলা চালিয়েছে।

এসডিএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের বাহিনী এলাকাটি পুনর্দখলে সক্ষম হয়েছে।’ তবে বিবৃতিতে বলা হয়নি, হামলায় মার্কিন জোট ওই হামলায় অংশ নিয়েছিল কিনা।

তেল ও গ্যাসের মজুদ থাকা সিরিয়ার বড় একটি অংশের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। স্থানীয় কূটনৈতিক সূত্রগুলোর কাছ থেকে এ বিষয়ে নিশ্চিত হয়েছে রয়টার্স।

দেইর আল জরের কাছে আসাদ বাহিনীর বিরুদ্ধে এসডিএফের ওই অভিযানের কথা স্বীকার করে যুক্তরাষ্ট্র তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘পরিস্থিতি শান্ত করার জন্য সমঝোতার মাধ্যমে বড় সংঘর্ষ এড়ানো হয়েছে। পূর্ব সিরিয়ায় ইসলামিক স্টেটকে পরাজিত করতে এসডিএফের সঙ্গে জোটের সমঝোতা অটুট আছে।’

পশ্চিমা এক কূটনীতিক সূত্র রয়টার্সকে আগেই জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ জোটের বিমানকে সিরীয় বাহিনী ও ইরান সমর্থিত বিদ্রোহীদের দখলে থাকা দেইর আল জরে উড়ে যেতে দেখা গেছে। এসডিএফের একটি সূত্রও ওই অভিযানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের অংশগ্রহণের কথা স্বীকার করেছে।

রয়টার্স লিখেছে, যুক্তরাষ্ট্র সমর্থিত ওয়াইপিজির নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে এতদিন খুব একটা হামলা চালায়নি সিরিয়ার সরকারি বাহিনী। ওয়াইপিজিই গত বছর থেকে ইউফ্রেটিস নদীর পূর্ব তীরের দেইর আল জর প্রদেশের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। সেখান থেকে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র পূর্ব সিরিয়া ও ইরাকের রাক্কা থেকে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীকে বের করে দিতে সমর্থ হয়েছে। রাক্কা আইএসের রাজধানী ছিল।

সিরিয়ার আসাদ বাহিনী সাধারণত ইউফ্রেটিস নদীর পশ্চিম তীরে অভিযান পরিচালনা করে আসছে। সেখানকার এলাকাগুলোর নিয়ন্ত্রণ পেতেই মূলত তাদের যুদ্ধ প্রচেষ্টা নিয়োজিত ছিল। ইউফ্রেটিসের পূর্ব তীরে রয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিদের ওয়াইপিজির নেতৃত্বাধীন জোট। তারা আইএসের বিরুদ্ধে যুদ্ধরত। যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা ও যুদ্ধ বিশ্লেষকরা নিশ্চিত করেছেন, দুই পক্ষের মধ্যে স্পষ্ট সীমানা নির্ধারিত হয়ে আছে। যাতে তারা একে অপরের ওপর হামলা না করে।