‘ব্যবসায় এসব স্মৃতি বেশি দিন মনে রাখা হয় না’

সাংবাদিক জামাল খাশোগির হত্যার ঘটনায় বিশ্ব জুড়ে সমালোচিত হচ্ছে সৌদি আরব। কিন্তু এর মধ্যেই অনুষ্ঠিত হয়ে যাওয়া বিনিয়োগ সম্মেলনে পাঁচ হাজার ৬০০ কোটি ডলারের চুক্তি স্বাক্ষর করতে পেরেছে দেশটি। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান অতিথিদের নিশ্চয়তা দিয়েছেন, খাশোগির হত্যাকাণ্ডের প্রভাবে দেশটির সংস্কার কর্মসূচি থেমে যাবে না। সম্মেলনে সৌদি আরব আশা প্রকাশ করেছে, যুক্তরাষ্ট্র দেশটির প্রধান অর্থনৈতিক সহযোগী হিসেবে সহায়তা অব্যাহত রাখবে। বিশ্বজুড়ে নিন্দা ও সম্মেলন বয়কটের ঘোষণা দেওয়া হলেও সৌদি আরবের ভবিষ্যৎ বাণিজ্যিক সম্পর্ক কেমন হতে পারে তা ব্যাখ্যা করতে গিয়ে একজন ইউরোপীয় ব্যাংকার বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ব্যবসা-বাণিজ্যের স্বার্থের সামনে এসব স্মৃতি খুব বেশ দিন টিকে থাকতে পারে না!2017-10-24T150313Z_148074665_RC1D2673F920_RTRMADP_3_SAUDI-ECONOMY

সৌদি আরবের ওই বিনিয়োগ সম্মেলন ‘দাভোস ইন ডেজার্ট’ নামে খ্যাত। ২০১৮ সালে ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের’ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সুইজারল্যান্ডের দাভোসে। সেই সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা উপস্থিত হন। বৈশ্বিক অর্থনীতির গতি-প্রকৃতি ও প্রয়োজনীয় নীতিনির্ধারণের বিষয়ে সেখানে আলোচনা অনুষ্ঠিত হয়। রিয়াদের ‘ফিউচার ইনভেস্টমেন্ট সামিটকেও’ তেমন বড় অর্থনৈতিক সম্মেলন হিসেবে গণ্য করা হয়।

কিন্তু জামাল খাশোগির হত্যার ঘটনার প্রেক্ষিতে বিভিন্ন বিনিয়োগকারী ও বিনিয়োগপ্রত্যাশীরা সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছিলেন। এমন কি সম্মেলনের মিডিয়া পার্টনাররাও সরে গিয়েছিল। বয়কটের এই তালিকায় যুক্ত হয়েছিলেন বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরাও। কিন্তু শেষ পর্যন্ত গত ২৩ আগস্ট থেকে শুরু হওয়া তিন দিনের সম্মেলনে বিশ্বের নানান প্রান্তের শত শত ব্যবসায়ী ও শীর্ষস্থানীয় কর্মকর্তা রিয়াদে উপস্থিত হয়েছেন।

সৌদি আরবের জ্বালানিমন্ত্রী খালিদ আল ফালিহ বৃহস্পতিবার জানিয়েছেন, ‘২৫টিরও বেশি চুক্তি হয়েছে যার আর্থিক মূল্য পাঁচ হাজার ৬০০ কোটি ডলার।’ এসবের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগই সবচেয়ে বেশি। তার ভাষ্য, ‘যুক্তরাষ্ট্র সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবেই গণ্য হবে। কারণ আমাদের দুই দেশের যৌথ স্বার্থ, ব্যর্থ হওয়া বয়কট কর্মসূচির চেয়েও অনেক বড়।’

পশ্চিমা বড় বড় ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বিনিয়োগ সম্মেলন বর্জনের ঘোষণা দিলেও তারা ঠিকই মধ্যম সারির কর্মকর্তাদের নিয়ে গঠিত দল পাঠিয়েছে। তারা বিনিয়োগ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি পৃথকভাবে সৌদি আরবের কর্মকর্তাদের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা করেছেন। সম্মেলনে অংশ নেওয়া একজন জ্যেষ্ঠ ইউরোপীয় ব্যাংকার বলেছেন, খাশোগির হত্যার ঘটনায় আন্তর্জাতিক বন্ড মার্কেটের বিনিয়োগকারীদের কাছে সৌদি আরবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলেও বিনিয়োগ ও ব্যবসার স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে মাস তিনেকের মধ্যেই। তার ভাষ্য, ‘ব্যবসায় এসব স্মৃতি বেশি দিন মনে রাখা হয় না।’