২০১৩ সাল থেকে আটকে পড়া অস্ট্রেলীয় নাগরিক নোয়াম হুপার্ট ৯৯৯৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইসরায়েল ছাড়তে পারবেন না। কার্যত এটি ৮ হাজার বছর বন্দি থাকার থাকার আদেশ। অবশ্য তিনি যদি শিশুদের ভবিষ্যৎ উন্নতির জন্য ৩ লাখ ডলার পরিশোধ করতে পারেন তাহলে ইসরায়েল ত্যাগে কোনও বাধা থাকবে না।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম নিউজ ডট কম এইউ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলে খুব কম পরিচিত একটি আইনের কারণে হাজারো বিদেশির মতো হুপার্টও আটকা পড়েছেন। ২০১২ সালে দুই সন্তানের কাছাকাছি থাকার জন্য ইসরায়েলে আসেন তিনি। আগের বছর তার সাবেক স্ত্রী তিন ও পাঁচ বছরের দুই সন্তান নিয়ে এখানে চলে আসেন।
হুপার্ট ইসরায়েল আসার কিছুদিন পর স্থানীয় একটি আদালতে মামলা করেন তার সাবেক স্ত্রী। আদালত তার বিরুদ্ধে সন্তানদের ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে ৫ হাজার ইসরায়েলি শেকেল ভবিষ্যৎ ঋণ পরিশোধ করতে তথাকথিত ‘স্টে অব এক্সিট’ আদেশ জারি করে। এর ফলে এই অর্থ পরিশোধের আগ পর্যন্ত তিনি কোনও কারণেই ইসরায়েল ত্যাগ করতে পারবেন না। এমনকি ছুটি বা কাজের জন্যও।
হুপার্ট বলেন, ২০১৩ সাল থেকে আমি ইসরায়েলে বন্দি। ইসরায়েলি নারীদের বিয়ে করার কারণে ইসরায়েলের বিচার ব্যবস্থায় নিপীড়নের শিকার হচ্ছে অনেক অস্ট্রেলীয় নাগরিক। আমি তাদের একজন।