অস্ত্রপাচারের অভিযোগে ইসরায়েলে গ্রেফতার জর্ডানের এমপি

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে অস্ত্রপাচারের চেষ্টার অভিযোগে জর্ডানের এক এমপিকে গ্রেফতার করেছে ইসরায়েল। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইমাদ আল-আদওয়ান নামের জর্ডানি এমপিকে শনিবার রাতে আটক করা হয়। আলেনবি সেতু পার হওয়ার সময় তাকে আটক করা হয় বলে উল্লেখ করেছে জর্ডানের আম্মন বার্তা সংস্থা।

ইসরায়েলি সোশ্যাল মিডিয়ায় সত্যতা নিশ্চিত হওয়া ভিডিওতে কর্তৃপক্ষ বলছে, জর্ডানি এমপির কাছ থেকে ১২টি মেশিন গান এবং ২৭০টি অন্যান্য ধরনের আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।

এই বিষয়ে ইসরায়েল কোনও মন্তব্য করেনি।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, তারা যত দ্রুত সম্ভব বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম বলেছে, এই অস্ত্রগুলো কাদের কাছে নিয়ে যাওয়া হচ্ছিল এবং জর্ডানি এমপি আগেও এমন কাজ করেছেন কিনা, তা তদন্ত করছে গোয়েন্দা সংস্থা শিন বেট।

১৯৯৪ সালে শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে জর্ডান ও ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করে। কিন্তু সম্প্রতি জেরুজালেমে আল-আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের তাণ্ডবে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। এই মসজিদটির জর্ডানের জিম্মায় রয়েছে।

জর্ডানের অর্ধেকের বেশি জনসংখ্যা ফিলিস্তিনি বংশোদ্ভূত বলে ধারণা করা হয়।

৩৫ বছর বয়সী আদওয়ান জর্ডানের পার্লামেন্টে ফিলিস্তিনি কমিটির একজন সদস্য। তিনি ইসরায়েলের সঙ্গে জর্ডানের শান্তি চুক্তির বিরোধী।

খলিল আতিয়া নামের অপর এক জর্ডানি এমপি বলেছেন, আদওয়ানকে ইসরায়েল গ্রেফতার করা হয় জর্ডানিদের মর্যাদাহানি হয়েছে।